logo

কাপড়ে মশার রক্ত লাগলে কি নামাজ হবে

কাপড়ে মশার রক্ত লাগলে কি নামাজ হবে
কাপড়ে মশার রক্ত লাগলে কি নামাজ হবে। ছবি: আইস্টক

সারা দেশেই মশার উপদ্রব বাড়ছে। বিশেষ করে শহরগুলোতে মশার উপদ্রব জীবন অতিষ্ঠ করে তুলছে। মশার যন্ত্রণায় সন্ধ্যার পর থেকে রাস্তায় যেমন দাঁড়িয়ে থাকা মুশকিলের ব্যাপার হয়ে গেছে, তেমনি ঘরের চার দেয়ালের ভেতরও এর কারণে যন্ত্রণা পোহাতে হচ্ছে। মশা থেকে রক্ষা পেতে প্রায় মানুষই হাত দিয়ে মশা মেরে থাকেন। মারতে গিয়ে হাতে বা কাপড়ে রক্ত লেগে যায়। প্রশ্ন হলো, মশার রক্ত কাপড় বা শরীরে লাগলে তা কি নাপাক হয়ে যায় বা কাপড়ে কি নামাজ পড়া যাবে?

ইসলাম বিশেষজ্ঞরা বলেন, মশার রক্ত নাপাক নয়। তা কাপড়ে বা শরীরে লাগলে কোনো সমস্যা নেই। এতে কাপড় বা শরীর নাপাক হয় না। মশার রক্ত লাগা কাপড় পরে নামাজ পড়া যাবে।

তবে নামাজের আগে কাপড়ে বা শরীরে মশার রক্ত লাগলে তা ধুয়ে নামাজ পড়া উত্তম।

কোনো প্রাণী কষ্টদায়ক বা ক্ষতিকর হলে তাকে মারা যাবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নবীদের মধ্যে কোনো এক নবী একটি গাছের নিচে অবতরণ করলে তাঁকে একটি পিঁপড়া কামড় দেয়। ফলে তাঁর নির্দেশে পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাঁর প্রতি ওহি বা প্রত্যাদেশ নাজিল করে বললেন, ‘তুমি একটি মাত্র পিঁপড়াকে শাস্তি দিলে না কেন?’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৪১)

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, মশার রক্ত নাপাক নয়। মশার রক্ত লাগা কাপড় পরে নামাজ পড়া যাবে। হাসান বসরি, আতা, আবু জাফর, উরওয়া প্রমুখ তাবেয়িরা বলেন, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। তবে এ ক্ষেত্রে কাপড় পরিবর্তন করে নেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। (ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৩২; বাদায়েউস সানায়ে, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৯৫)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘মশার রক্ত প্রবহমান নয়। পরিমাণ থাকে অনেক অল্প। মশার রক্ত কাপড়ে বা শরীরে লাগলে তা পড়ে নামাজ পড়া যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না।’

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট