পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করানোই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য: রেজাউল করীম

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বরং আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত নিয়ে মাহফিলে আসতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদরাসার মূল মাঠসহ চারটি মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। তার বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের মাহফিল।
উদ্বোধনী বক্তব্যে চরমোনাই পীর বলেন, যারা প্রথমবার মাহফিলে এসেছেন, তাদের অন্তর থেকে দুনিয়াবি চিন্তা দূর করে আখেরাতের ভাবনা ধারণ করতে হবে। অহংকার ও আমিত্বের মনোভাব পরিহার করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। নিয়মিত জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে ফিরতে হবে।
বয়ান শেষে মুসল্লিদের মাহফিলের নিয়মকানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান এবং নামাজের নিয়মকানুন হাতে-কলমে শেখাতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের কয়েকটি হালকায় ভাগ করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য তাদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনতে সহায়তা করা।
মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
চারটি মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। পাশাপাশি খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের পাশাপাশি শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে পাঁচটি পেশ করবেন আমীরুল মুজাহিদীন পীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি দুটি বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এ ছাড়া মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে পীর চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।




