ন্যায়বিচার ও সুশাসন রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে: চরমোনাই পীর

একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না; ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বই রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের উদ্যোগে আয়োজিত ‘ইউথ অব টুমুরু: ক্যারিয়ার অ্যান্ড ইউথ ডেভলপমেন্ট সামিটে’ এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, আদর্শ, দক্ষতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, তরুণদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মেধাবী ও আদর্শবান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শিক্ষার্থীদের শুধু প্রচলিত ছাত্ররাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আগামীর বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হওয়ার এখনই উপযুক্ত সময়।
ইসলামী ছাত্র আন্দোলন, প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিকের সভাপতিত্বে সামিটে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী।



