logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মৃত্যুর ফেরেশতা কি প্রাণীদেরও রুহ কবজ করেন

মৃত্যুর ফেরেশতা কি প্রাণীদেরও রুহ কবজ করেন
আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা প্রত্যেকের রুহ কবজ করেন। ছবি: পিক্সাবে

মৃত্যু অবধারিত। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, কিন্তু মৃত্যু খুবই স্বাভাবিক। পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে নির্ধারিত জীবনযাপনের পর কেউ আর বেঁচে নেই। মৃত্যুর নির্ধারিত সময় থেকে এক সেকেন্ডও বেশি বেঁচে থাকার ক্ষমতা কারও নেই। মৃত্যুর অনিবার্য স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আনয়াম, আয়াত: ১৮৫)

জীবন ফুরিয়ে গেলে পৃথিবীতে থাকার অধিকার নেই কারও। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নেই। পালিয়ে বেড়ানোর জায়গা নেই। কেউ চাইলেও মৃত্যুকে পাশ কাটাতে পারবে না। সময় হলে মরতে হবেই। আল্লাহ বলেন, ‘তোমরা যেখানেই থাক (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনোও দুর্গেই থাক না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)

Advertisement

মৃত্যু কোনো সংবাদপত্র নয়। ডাকপিয়নও নয়। সে সংবাদ না দিয়ে না জানিয়ে চলে আসে। মুমিনের উচিত, মৃত্যুর জন্য সবসময় প্রস্তত থাকা। আল্লাহ বলেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য এক নির্দিষ্ট সময় আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পড়ে, তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।’ (সুরা আরাফ, আয়াত: ৩৪)

কেয়ামতের মধ্য দিয়ে একদিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, প্রাণী ও ফেরেশতা সবার মৃত্যু হবে। শুধু জীবিত থাকবেন আল্লাহ। তিনিই শুধু চিরঞ্জীব।

প্রত্যেকের রুহ বা আত্মা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত আছে। তাদের মালাকুত মাওত বলা হয়। এটি আরবি শব্দ। এর বাংলা হলো মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে প্রাণিকুলের মৃত্যুর হুকুম বাস্তবায়ন করেন যে ফেরেশতা, তাকেই মালাকুল মাউত বলা হয়।

এটা আমরা সবাই জানি যে, মানুষ ও জিনের রুহ কবজ করেন মালাকুল মাওত। কেউ কেউ জানতে চান, মানুষ ও জিন ছাড়া অন্যান্য প্রাণীদের রুহ কবজ করেন কে?

মৃত্যুর ফেরেশতা সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক আয়াত ও বর্ণনা রয়েছে। আল্লাহ বলেন, ‘তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।’ (সুরা সাজদা, আয়াত: ১১)

কোরআনের আরেক আয়াতে আছে, ‘অবশেষে যখন তোমাদের কারও কাছে মৃত্যু আছে, আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায়। আর তারা কোনো ত্রুটি করে না।’ (সুরা আনয়াম, আয়াত: ৬১)

এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আবি হাতেম ও ইবনে আবি শায়বা (রহ.) হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, উক্ত আয়াতে রুসুল শব্দ দিয়ে রুহ কবজ করার সময় হজরত আজরাইল (আ.)-এর সঙ্গে উপস্থিত সহকারী ফেরেশতাদের বোঝানো হয়েছে। হজরত রবি ইবনে আনাস (রহ.) বলেন, রুহ কবজ করার সময় মালাকুত মাওতের সঙ্গে তার সহকারী হিসেবে একদল ফেরেশতা উপস্থিত থাকেন। কিন্তু হরজত আজরাইলই মূল দায়িত্ব পালন করেন। রুহ কবজ করার পর রুহকে রহমতের ফেরেশতা অথবা আজাবের ফেরেশতার হাতে সোপর্দ করা হয়।

মানুষসহ সব ধরনের জীবিত প্রাণীর রুহ কবজ করেন মৃত্যুর দায়িত্ব থাকা ফেরেশতা বা মালাকুত মাওত। হাদিসে আছে, একবার মালাকুত মাওত হজরত মুহাম্মদ (সা.)-কে বললেন, ‘আমি আল্লাহর অনুমতি ছাড়া একটি মশার প্রাণও নিজ ইচ্ছায় গ্রহণ করতে পারি না।’

ইমাম কুরতুবি বলেন, এই হাদিস থেকে বোঝা যায়, প্রত্যেক জীবের প্রাণ গ্রহণ করার দায়িত্ব আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে দিয়েছেন।

ইমাম মালেক (রহ.)-কে একবার জিজ্ঞাসা করা হলো, প্রাণীদের রুহ কে কবজ করবেন? তিনি প্রশ্নকারীর কাছে জানতে চান, তাদের কি প্রাণ আছে? প্রশ্নকারী বলেন, আছে। তখন ইমাম মালেক বলেন, মালাকুল মাওত তাদের জান কবজ করে। কেননা আল্লাহ বলেছেন, ‘আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়।’ (সুরা জুমার, আয়াত: ৪২)। অন্য আয়াতে এর ব্যাখ্যা এসেছে, ‘তার প্রাণ নেয় আমার প্রেরিত দূতগণ।’

ইবনে আব্বাস (রা.) বলেন, ফেরেশতাদের মধ্যে মালাকুল মাওতের বহু সাহায্যকারী রয়েছে। যারা দেহ থেকে রুহ বের করে আনে। এরপর কণ্ঠনালীর কাছে এলে মালাকুল মাওত তা কবজ করে। (তাফসিরে ইবনে কাসির)

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট