logo

সেজদায় পা জমিন থেকে উঠে গেলে কি নামাজ ভেঙে যাবে

সেজদায় পা জমিন থেকে উঠে গেলে কি নামাজ ভেঙে যাবে
নামাজ পড়ছেন এক ব্যক্তি। ছবি: প্রেয়ার ইন ইসলাম

ইসলামে ইমানের পরই নামাজের অবস্থান। প্রাপ্তবয়স্কদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কোরআনে একাধিক জায়গায় নামাজের সুস্পষ্ট আদেশ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)

আল্লাহ আরও বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয় তা বিনয়ীরা ছাড়া অন্যদের ওপর কঠিন।’ (সুরা বাকারা, আয়াত: ৪৫)

কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের ওপর নির্ভর করবে ব্যক্তির জান্নাত ও জাহান্নাম। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’ (নাসায়ি)

নামাজের গুরুত্বপূর্ণ রুকন সেজদা। রুকুর পর সেজদায় যেতে হয়। প্রতি রাকাত নামাজে দুটি সেজদা করতে হয়। দিন-রাতের পাঁচ ওয়াক্ত নামাজে বহু সেজদা রয়েছে। নামাজের সময় উপুড় হয়ে দুই হাঁটু, কপাল ও নাক মাটিতে ঠেকিয়ে নিবেদন করা হলো সেজদা। সেজদার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ ঘটে। তাই নিয়ম মেনে সেজদা করা উচিত। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘বান্দা যখন সেজদায় থাকে, তখন সে আল্লাহর অধিক নিকটবর্তী হয়। অতএব তখন বেশি বেশি দোয়া করতে থাকো।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪৮২)

কাউকে কাউকে দেখা যায়, নামাজ আদায়ের সময় পা জমিনে না লাগিয়ে সেজদা করেন। অনেকের এমন হয়, সেজদায় সময় জমিন থেকে পা ওঠানামা করান। প্রশ্ন হলো, জমিনে পা না লাগিয়ে সেজদা করলে নামাজ হবে?

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আমাকে সাতটি অঙ্গের ওপর সেজদা করার নির্দেশ করা হয়েছে। কপাল, (তিনি হাত দিয়ে নাকের দিকে ইশারা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন), উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের প্রান্ত।’ (সহিহ বুখারি, মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৮৮৭)

ইসলাম বিশেষজ্ঞরা বলেন, কেউ যদি পুরো সেজদার মধ্যে সামান্য সময়ের জন্যও উভয় পা সমতলে লাগিয়ে না রাখে, তাহলে ওই সেজদা আদায় হবে না এবং নামাজও হবে না। তবে সেজদার মধ্যে কোনো এক পায়েরও কোনো অংশ কিছু সময়ের জন্য সমতলে লেগে থাকে, তাহলে সেজদা আদায় হয়ে যাবে।

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, ‘যদি নামাজি পুরো সেজদার মধ্যে উভয় পা সমতল থেকে সম্পূর্ণ উঠিয়ে রাখে; দুই পায়ের কোনো অংশ সামান্য সময়ের জন্যও সমতলে লাগিয়ে না রাখে, তাহলে ওই সেজদা আদায় হবে না এবং নামাজও হবে না। কিন্তু যদি সেজদার মধ্যে কোনো এক পায়েরও কোনো অংশ কিছু সময়ের জন্য সমতলে লেগে থাকে, তাহলে ওই সেজদা আদায় হয়ে যাবে। তবে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া এমনটি করা যাবে না। বিনা প্রয়োজনে এভাবে অল্প সময়ের জন্যও কোনো পা উঠিয়ে রাখা মাকরুহ (অপছন্দীয় কাজ)। সুন্নত তরিকা বা পদ্ধতি হলো, সেজদার মধ্যে উভয় পা পুরো সময় সমতলে লাগিয়ে রাখা ও আঙুলগুলো কিবলামুখী করে রাখা। (ফাতাওয়া খানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ১২০; শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৮৪)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘সাতটি অঙ্গের ওপর সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের প্রান্ত। এই সাত অঙ্গের কোনোটা যদি পুরো সেজদাতে একটুও না লাগে, তাহলে নামাজ হবে না। কারণ, এতে ওয়াজিব ছুটে যায়। তখন সাহু সেজদা দিতে হবে। সেজদায় পা উঠে গেলে পা নামিয়ে ফেলতে হবে। জমিনে লাগাতে হবে।’

ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘মুসলিম বাংলা’য় এক প্রশ্নের জবাবে মুফতি সিরাজুল ইসলাম বলেন, ‘সেজদায় উভয় পা মাটিতে লাগিয়ে রাখা অবশ্য কর্তব্য। যদি কোনো ব্যক্তি পুরো সেজদায় কোনো পা মাটিতে না লাগায়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। তাই সেজদা অবস্থায় মাটিতে পা রাখার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে। সেজদাজুড়ে একবারও যদি সামান্য সময়ের জন্য পা মাটিতে লাগে, তাহলে নামাজ হয়ে যাবে। তবে এটি মাকরুহ। যদি এক পা উঠে যায়, আরেক পা লাগানো থাকে, চাই এক আঙুল পরিমাণই লাগানো থাকুক না কেন, তাহলেও নামাজ হয়ে যাবে।’

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট