logo

বিধবা অন্যত্র বিয়ে করলে তিনি কি মৃত স্বামীর সম্পদ পাবেন

বিধবা অন্যত্র বিয়ে করলে তিনি কি মৃত স্বামীর সম্পদ পাবেন
ইসলামে নারী-পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার সুনির্দিষ্ট। ছবি: পিন্টারেস্ট

ইসলামে নারী-পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার সুনির্দিষ্ট। কোরআনে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উত্তরাধিকার (মিরাস) বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে কারও হক বা অধিকার নষ্ট করা না হয়। কিন্তু সমাজের অনেকেই মনে করেন, ‘স্ত্রী তখনই স্বামীর মিরাস বা সম্পত্তি পাবে, যখন সে অন্য কাউকে বিয়ে করবে না। অন্য কারও সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলে স্ত্রী মিরাস পাবে না।’

ইসলাম বিশেষজ্ঞদের মতে, এটি সম্পূর্ণ কুসংস্কার। জাহেলি (অন্ধকার) যুগের ধারণা। ইসলামি বিধান হলো, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত ও তার বিয়েবন্ধনে থাকলেই মিরাসের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারও সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলেও সে স্বামীর সম্পদ পাবে। কোনো অবস্থাতেই তাকে বঞ্চিত করা যাবে না।

স্বামীর সন্তান থাকলে তার রেখে যাওয়া সম্পদে স্ত্রী আট ভাগের এক ভাগের মালিক হয়। স্বামীর সন্তান না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ।

কোরআনে আছে, ‘তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের সন্তান না থাকে। যদি সন্তান থাকে, তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পদের এক-চতুর্থাংশ, তাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর। তারা (স্ত্রীরা) তোমাদের রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবে, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পদের আট ভাগের একভাগ। তোমাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর।’ (সুরা নিসা, আয়াত: ১২)

উত্তরাধিকার পাওয়া না-পাওয়া নির্ভর করবে মৃত্যুকালে কার সঙ্গে কী ধরনের সম্পর্ক ছিল তার ওপর। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী বিয়েবন্ধনে থাকলে অবশ্যই সে সম্পদ পাবে। পরে অন্য কারও সঙ্গে বিয়ে হোক বা না হোক। স্ত্রীকে বঞ্চিত করা বা তার হক না দেওয়া শরিয়তসম্মত নয়। এটা হারাম।

মনে রাখতে হবে, স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার আছে। অভিভাবকদের উচিত, তাকে অধিকার বুঝিয়ে দেওয়া। তাকে অধিকার থেকে বঞ্চিত করা মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা নিসা, আয়াত: ২৯)

স্ত্রীর সম্পদ আমানতও। কোনোভাবেই তার আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহ ও রাসুলের সঙ্গে খেয়ানত করো না এবং জেনেশুনে পরস্পরের আমানতগুলো খেয়ানত করো না।’ (সুরা আনফাল, আয়াত: ২৭)

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের ‘প্রচলিত ভুল’ শিরোনামের এক ফতোয়ায় বলা হয়েছে, ‘স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মিরাসের হকদার হয়ে যায়। তার অন্য কোথায় বিয়ে হোক বা না হোক, তাতে তার মিরাস প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না। এ কারণে কোনো নারীকে মিরাস থেকে বঞ্চিত করা হলে তা হবে বড় ধরনের কবিরা গুনাহ। এটা একদিকে তার পাওনা আত্মসাৎ করা অপরদিকে শরিয়তের বিকৃতি সাধন।

আমাদের দেশে স্বামীর মৃত্যুর পর বিধবাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা না করা একটি জাহেলি নিয়ম। এর সঙ্গে এখন আরও বড় জুলুম যোগ হয়েছে যে, অন্য কোথায় বিয়ের কারণে তাকে মিরাস থেকে বঞ্চিত করা হয়। স্মরণ রাখবেন, যাদের তত্ত্বাবধানে কোনো বিধবা রয়েছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, বাস্তব কোনো অসুবিধে না থাকলে (সামাজিক প্রতিবন্ধকতা কখনোই কোনো অসুবিধে নয়) তার বিয়ের ব্যবস্থা করা।’

‘মুসলিম বাংলা’ ওয়েবসাইটের এক ফতোয়ায় বলা হয়েছে, ‘সন্তান থাকলে স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির অষ্টমাংশের মালিক হয় স্ত্রী। চার মাস দশ দিন ইদ্দত শেষ করে অন্য কোথাও বিয়ে করলেও সম্পত্তির এই অধিকার নষ্ট হয় না।’

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট