logo

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ কোটি

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ কোটি
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণ নেওয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ৫ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণ নেওয়ার পরিবর্তে ৬১৯ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের চিত্রে বড় পরিবর্তন এসেছে।

চলতি অর্থবছরের জাতীয় বাজেটে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যাংকবহির্ভূত উৎসের মধ্যে সঞ্চয়পত্র থেকে নিট ৮ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়েছে। অথচ আগের অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ৯ হাজার ৭৯২ কোটি ৮০ লাখ টাকা নিট ঋণ পরিশোধ করেছিল সরকার।

অন্যদিকে, ব্যাংকবহির্ভূত উৎস থেকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ উৎস থেকে ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৯ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঋণ গ্রহণ কমেছে।

সরকারের ব্যাংকবহির্ভূত ঋণের অন্যতম উৎস সঞ্চয়পত্র। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছে ২ হাজার ৪৬৩ কোটি ১০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি ৩০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৮ হাজার ৫৭৬ কোটি ৬০ লাখ টাকার। একই সময়ে আসল পরিশোধ করা হয়েছে ১৬ হাজার ১১৩ কোটি ৪০ লাখ টাকা। বিক্রি ও আসল পরিশোধের ব্যবধানই সরকারের নিট ঋণ।

সঞ্চয়পত্রের বিভিন্ন খাতের মধ্যে পরিবার সঞ্চয়পত্র থেকে নিট ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ টাকা ঋণ পেয়েছে সরকার। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র থেকে এসেছে ৬৭৪ কোটি ১০ লাখ টাকা এবং পেনশনার সঞ্চয়পত্র থেকে ৪৭৫ কোটি ২০ লাখ টাকা।

তবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে নিট ঋণের পরিবর্তে ৬১৮ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে সরকারকে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের স্থায়ী হিসাব থেকেও নিট ১৩৪ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ হয়েছে।

সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহের জন্য ট্রেজারি বিল ও বন্ড ব্যবহার করে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে ট্রেজারি বিল, বন্ড ও সরকারি বিনিয়োগ সুকুকের মাধ্যমে নিট ৩ হাজার ৪৬৫ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে সরকার।

এর মধ্যে ট্রেজারি বন্ড থেকে এসেছে ৩ হাজার ৩২৮ কোটি ২০ লাখ টাকা এবং ট্রেজারি বিল থেকে ২২৭ কোটি ২০ লাখ টাকা। অন্যদিকে সরকারি বিনিয়োগ সুকুক থেকে নিট ৯০ কোটি টাকা পরিশোধ হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, জুলাই-আগস্ট সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ নেওয়া হলেও শুধু আগস্ট মাসে সরকার ব্যাংক ব্যবস্থাকে নিট ১ হাজার ৫৮৪ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে। ওই মাসে সরকার ব্যাংক থেকে ১৬ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়েছে। বিপরীতে পরিশোধ করেছে ১৭ হাজার ৬২৮ কোটি ৩০ লাখ টাকা।

অন্যদিকে, আগস্ট মাসে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার নিট ১ হাজার ৮৩৬ কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়েছে। এ সময়ে ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১১ হাজার ১৮৬ কোটি ২০ লাখ টাকা। বিপরীতে পরিশোধ করেছে ৯ হাজার ৩৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট শেষে ব্যাংক ব্যবস্থার কাছে সরকারের নিট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৩ কোটি ৪০ লাখ টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৮০ হাজার ২২ কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের ঋণের স্থিতি আগস্ট শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫০৮ কোটি ৪০ লাখ টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ৪ লাখ ৭৬ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।

সব মিলিয়ে আগস্ট শেষে সরকারের মোট অভ্যন্তরীণ নিট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৫২১ কোটি ৮০ লাখ টাকা। গত জুন শেষে এ পরিমাণ ছিল ১১ লাখ ৫৬ হাজার ৬০২ কোটি ৪০ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড (বিজিআইআইবি) তহবিলে জুলাই-আগস্ট সময়ে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ কমেছে ১ হাজার ৯৪৮ কোটি ১০ লাখ টাকা। একই সময়ে এ তহবিল থেকে ব্যাংকগুলো ঋণ নিয়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা।

এ ছাড়া আগস্ট শেষে সরকারের ইস্যু করা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুকের স্থিতি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫০০ কোটি টাকা।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট