logo

ঢাকায় এলো ‘১ টাকার বাহন’ জোবাইক

ঢাকায় এলো ‘১ টাকার বাহন’ জোবাইক
অ্যাপভিত্তিক সাইকেল সেবা জোবাইক। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীতে ঘর থেকে বের হলেই যানবাহন নিয়ে শুরু হয় ভোগান্তি। এর মধ্যে মেট্রোরেলে চড়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো গেলেও স্টেশন থেকে শেষ গন্তব্যে যেতে যাত্রীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। মেট্রোরেলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ২০ থেকে ৩০ টাকায় যাওয়া গেলেও মেট্রোরেল স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছাতে রিকশায় যেতে গুনতে হয় আরও ৫০ থেকে ৬০ টাকা। কখনো রিকশা পাওয়া যায় না, আবার যানজটের কারণে নষ্ট হয় মূল্যবান সময়। যাত্রীদের এই ভোগান্তি ও বাড়তি খরচ কমাতে ঢাকায় চালু হয়েছে অ্যাপভিত্তিক সাইকেল সেবা ‘জোবাইক’। প্রতি মিনিটে মাত্র এক টাকা ভাড়ায় সাইকেল চালিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। ফলে ১০ মিনিটের যাত্রায় আনলক ফিসহ মোট খরচ হবে মাত্র ১২ টাকা।

প্রাথমিকভাবে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে এ সেবা। স্মার্টফোনে জোবাইকের অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন ও টাকা রিচার্জ করলেই ব্যবহার করা যাবে সাইকেল। এরপর সাইকেলে থাকা কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে লক। গন্তব্যে পৌঁছে নির্ধারিত স্থানে সাইকেলটি লক করলেই শেষ হবে রাইড।

জোবাইকের ভাড়া নির্ধারণ করা হয়েছে সাইকেল আনলক করতে দুই টাকা ও প্রতি মিনিটে এক টাকা। অর্থাৎ ১০ মিনিটের যাত্রায় মোট খরচ হবে ১২ টাকা। যেখানে একই দূরত্বে রিকশায় যেতে খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। ফলে বিশেষ করে শিক্ষার্থী ও স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য এটি হতে পারে সাশ্রয়ী যাতায়াতের নতুন মাধ্যম।

এ সেবা ব্যবহার করে সন্তুষ্টির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তাদের মতে, রিকশার জন্য অপেক্ষা কিংবা যানজটে আটকে থাকার পরিবর্তে সাইকেলে সহজেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি সময় বাঁচছে এবং শরীরচর্চারও সুযোগ তৈরি হচ্ছে।

উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে এ সেবা শুরু হয়েছে। ছবি: এশিয়া পোস্ট
উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে এ সেবা শুরু হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থী ফজলে রাব্বি রাতুল বলেন, আমি রূপায়ণ সিটির বাসিন্দা ও একজন শিক্ষার্থী। আগে যাতায়াত করতে ৪০ টাকা রিকশা ভাড়া দিতে হতো। অনেক সময় রিকশা পাওয়া যেত না, আবার যানজটেও সময় নষ্ট হতো। কিন্তু জোবাইক চালু হওয়ায় এখন ১২ থেকে ১৩ টাকায় গন্তব্যে যেতে পারছি। এতে আমাদের মতো শিক্ষার্থীদের খরচ সাশ্রয় হচ্ছে, সময়ও বাঁচছে। পাশাপাশি সাইকেল চালানোর কারণে শরীরচর্চাও হচ্ছে। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য এটি বেশ উপকারী একটি উদ্যোগ।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, উত্তরা মেট্রো স্টেশনে মাত্র ১০টি সাইকেল নিয়ে এ সেবার যাত্রা শুরু হয়েছে। তবে শুরুতেই ব্যবহারকারীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম চার দিনেই এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিবন্ধন করেছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি রাইড হচ্ছে।

তিনি আরও জানান, ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনায় আগামী এক থেকে দেড় মাসের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই তিনটি মেট্রো স্টেশনে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি মানুষ মেট্রোরেল থেকে নেমে সহজে ও কম খরচে নিজেদের গন্তব্যে যেতে পারবেন।

তবে এ উদ্যোগের সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। ঢাকার অধিকাংশ সড়কে পর্যাপ্ত সাইকেল লেন না থাকায় ব্যস্ত সড়কে সাইকেল চালানোর সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ বিষয়ে মেহেদী রেজা বলেন, ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদের জন্য হেলমেট সরবরাহের পরিকল্পনা রয়েছে।