গুলিস্তানে পরিবহন শ্রমিকদের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজধানীর গুলিস্তানে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেড।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তানের ফুলবাড়ীয়া বিআরটিসি ভবনের দ্বিতীয় তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে বাসচালক, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারম্যানদের বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের দুই বিশেষজ্ঞ চিকিৎসক সাবিহা হায়দার ও রুফাইদা তাসমিন মোট ৩৯ জন পরিবহন শ্রমিককে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন।
ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিল ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতা পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

