বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, সব সমুদ্রবন্দরে সতর্কসংকেত

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ার আকারে এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলে ও সমুদ্রগামী নৌযান-সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে চলাচল এবং নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
