যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে এক বিমানের সঙ্গে আরেক বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (এমআইএ) কোপা এয়ারলাইন্স ও ইউপিএস এয়ারলাইন্সের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজের নাকের অংশের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় উভয় উড়োজাহাজই মাটিতে চলাচল করছিল।
এফএএর তথ্য অনুযায়ী, কোপা এয়ারলাইন্সের ফ্লাইটটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মিয়ামিতে পৌঁছে পার্কিংয়ের জন্য গেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইউপিএসের কার্গো ফ্লাইটটি কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানান, সংঘর্ষের পর বিমানগুলোকে বিকল্প ট্যাক্সিওয়ে দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়। এতে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি।
এফএএ জানিয়েছে, দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ইউপিএসের পাইলটকে কোপা এয়ারলাইন্সের বিমানটিকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কীভাবে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের রেকর্ডিংয়েও দুর্ঘটনার পর দুই বিমানের পাইলটের বক্তব্য শোনা যায়। এতে কোপা এয়ারলাইন্সের একজন পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ একজন আমাদের বিমানে ধাক্কা দিয়েছে।’ জবাবে ইউপিএসের পাইলট জানান, তাদের বিমানটি নির্ধারিত অবস্থানের চেয়ে কিছুটা বেশি এগিয়ে গিয়েছিল এবং এরপর কোপা বিমানের ডানার আঘাত লাগে।
দুর্ঘটনার বিষয়ে ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ামিতে তাদের একটি উড়োজাহাজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে তারা অবগত। তাদের ক্রুরা নিরাপদে রয়েছেন এবং কী ঘটেছিল, তা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এফএএ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার জন্য দায়ী পক্ষ বা নির্দিষ্ট কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
দুর্ঘটনার আগের দিন শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর নির্দেশে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটে। এর ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বিঘ্ন কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার মধ্যেই মিয়ামি বিমানবন্দরে নতুন এ দুর্ঘটনা ঘটল। তবে আগের দিনের বিমান চলাচল বিঘ্নের সঙ্গে এ সংঘর্ষের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

