logo

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ছবি: উইকিপিডিয়া

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত এই শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন ব্যবহার করে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে স্থাপিত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা বলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তা ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তেহরান।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডার লক্ষ্য করে চালানো হামলার শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারের চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও সফল হয়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো কার্যত বন্ধ রয়েছে বলে দাবি করেছে ইরান।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে আরও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এর আগেও মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এবারই প্রথম নয়। এর আগে গত ১৩ নভেম্বর দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি।

ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি।

আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইন দ্বীপে অবস্থিত মার্কিন আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ধ্বংস করে।

বিবৃতিতে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে এ ধরনের হামলা কিংবা আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছিল ইরান।

পরপর দুই দফায় বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে হামলায় রাডার ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট