logo

সিডরের রাতে জন্ম, ১৯ বছরেও কাটেনি অভাব

সিডরের রাতে জন্ম, ১৯ বছরেও কাটেনি অভাব
বাঁ থেকে সিডরের সৎমা অনিতা সরকার, সিডর সরকার এবং তার দাদি রেবেকা সরকার। ছবি: এশিয়া পোস্ট

২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় দেশের উপকূলীয় জনপদ। প্রাণ বাঁচাতে খুলনার মোংলা উপজেলার চিলা গ্রামের সেন্ট মেরিস গির্জাসংলগ্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন শত শত মানুষ। তাদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা সাথী সরকার ও তার স্বামী জর্জি সরকার। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই সূর্যোদয়ের কিছু আগে জন্ম নেয় তাদের সন্তান। ধ্বংসযজ্ঞের মধ্যে নতুন জীবনের আগমন। তাই ঘূর্ণিঝড়ের নামের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘সিডর সরকার’।

সেই সিডর আজ ১৫ নভেম্বর ১৯ বছরে পা দেবেন। কিন্তু জীবনের এতগুলো বছর পেরিয়েও পরিবারের অভাব-অনটন কাটেনি। অর্থের অভাবে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তার। থেমে গেছে পড়াশোনা, বন্ধ হয়েছে কাজের সুযোগও। একসময় মোংলা ইপিজেডে সাত মাস কাজ করেছেন। পরে ঢাকায় গিয়ে কাঠমিস্ত্রি ও মেকানিক্যাল কাজ শেখার চেষ্টা করেছেন। কিন্তু আর্থিক সংকটে সেখানেও টিকতে পারেননি। বর্তমানে বেকার সময় কাটছে তার। স্বপ্ন দেখেন, বিদেশে গিয়ে ভালো কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবেন।

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে পরিবারের সঙ্গে থাকেন সিডর সরকার। মাত্র তিন বছর বয়সে জন্মদাত্রী মা তাকে রেখে চলে যান। এরপর বাবা জর্জি সরকার আবার বিয়ে করেন। সেই থেকে সৎমা অনিতা সরকার নিজের সন্তানের মতোই তাকে লালন-পালন করে বড় করছেন। তাদের নিজেদের কোনো সন্তান নেই। সিডরই এখন তার কাছে একমাত্র সন্তান।

সিডরের বাবা জর্জি সরকারের একটি হাত ভাঙা ও অচল। তারপরও সংসারের তাগিদে তাকে নদীতে মাছ ধরতে যেতে হয়। অন্যদিকে সৎমা অনিতা সরকার মোংলা ইপিজেডের একটি ছোট প্রতিষ্ঠানে চাকরি করেন। তার সামান্য আয়ের ওপর নির্ভর করেই কোনো রকমে চলছে সংসার।

সিডর সরকার বলেন, দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার ফি ও অন্যান্য খরচের টাকা জোগাড় করতে পারেননি তার বাবা। ফলে সেখানেই থেমে যায় তার শিক্ষাজীবন। পরে মোংলা ইপিজেডে সাত মাস কাজ করেন। এরপর ঢাকায় গিয়ে একটি মেকানিক্যাল ও কার্পেন্টারির দোকানে তিন মাস কাজ শেখেন। কিন্তু আর্থিক সংকটে সেখানেও থাকতে পারেননি। বাড়িতে ফিরে বর্তমানে বেকার সময় কাটাচ্ছেন।

সিডর বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষই জেলে। এখানে ভালো কোনো কাজের সুযোগ নেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জেলে হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমার ইচ্ছা, দেশের বাইরে গিয়ে ভালো কোনো কাজ করার। নিজের পাশাপাশি বাবা-মাকেও ভালো রাখতে চাই। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিদেশ যাওয়ার প্রস্তুতিও নিতে পারছি না।

সিডরের সৎমা অনিতা সরকার বলেন, আমার স্বামীর একটি হাত ভাঙা। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। আমি মোংলা ইপিজেডের একটি ছোট প্রতিষ্ঠানে চাকরি করি। সিডরের যখন তিন বছর বয়স, তখন তার মা তাকে রেখে চলে যায়। এরপর থেকে আমি নিজের সন্তানের মতোই তাকে বড় করছি। নিজের পেটে ধরিনি, কিন্তু আমার কাছে সে-ই সন্তান। আমরা তাকে এসএসসি পর্যন্ত পড়াতে চেয়েছিলাম। কিন্তু পরীক্ষার ফরম পূরণের টাকাও জোগাড় করতে পারিনি। বিভিন্ন মানুষ সহযোগিতার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তেমন কেউ পাশে দাঁড়ায়নি। কেউ সহযোগিতা করলে তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে চাই। ছেলেটা ভালো কিছু করুক, আমাদেরও একটু ভালো দিন আসুক এটাই চাওয়া।

সিডরের দাদি রেবেকা সরকার বলেন, অনেক মানুষ ও এনজিওর লোকজন এসেছেন। সহযোগিতার কথা বলেছেন, কিন্তু বেশির ভাগই কথা দিয়ে চলে গেছেন। প্রথম আলো থেকে কিছু টাকা ও দোকানের মালামাল দেওয়া হয়েছিল। পরে দোকানটি আর চালু রাখা সম্ভব হয়নি। একসময় একটি এনজিওর সহযোগিতায় পড়াশোনা করলেও পরে আর তা চালিয়ে যেতে পারিনি। আমার ছেলের একটি হাত অচল। সংসার চলে খুব কষ্টে। অভাবের কারণে নাতিটাকে পড়াতে পারিনি। এখন সে অসহায় অবস্থায় পড়ে আছে। কেউ একটু সহযোগিতা করলে হয়তো ছেলেটার ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ হতো।

প্রতিবেশী কল্পনা সরকার বলেন, সিডরের সৎমা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন ও দেখাশোনা করেন। মা তাকে ছেড়ে যাওয়ার পর থেকেই আগলে রেখেছেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার বাবার একটি হাত ভাঙা, তেমন কাজও করতে পারেন না। সিডরও বেশি দূর পড়াশোনা করতে পারেনি। আগে কিছু কাজ করত, এখন সেটিও নেই। পরিবারটি খুব কষ্টে দিন কাটাচ্ছে।

প্রতিবেশী ডেবিট সরকার বলেন, সিডর তাদের পাড়া-প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার জন্মের পর অনেক এনজিও ও বিভিন্ন সংস্থার লোকজন এসেছেন। কেউ কেউ কিছুদিন সহযোগিতাও করেছেন। কিন্তু দীর্ঘমেয়াদি কোনো ব্যবস্থা হয়নি। তার বাবা অসুস্থ, মা ইপিজেডে চাকরি করেন। সিডর এখন বেকার ঘুরে বেড়ায়। পড়াশোনা বন্ধ, ভালো কোনো কাজও নেই। পরিবারটির পাশে দাঁড়ানো দরকার।

সিডরের চাচাতো ভাই জোহান সরকার বলেন, ছোটবেলা থেকেই সিডর পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভালো ছিল। বিশেষ করে ফুটবল খেলায় তার বেশ দক্ষতা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পড়াশোনা ও খেলাধুলা কোনোটিই চালিয়ে যেতে পারেনি। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা না থাকায় পরীক্ষা দেওয়া হয়নি। আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও সেটি চলে যাওয়ায় এখন মাছ ধরার কাজে যুক্ত হয়েছে। সে ভালো কিছু করতে চায়, কিন্তু সুযোগের অভাবে পারছে না।

ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৮ সালে বিভিন্ন উদ্যোগে সিডরের পরিবারের বিধ্বস্ত বসতঘর নতুন করে নির্মাণ করে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল দুটি খাট, সিডরের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী। সংসার চালানোর জন্য বাড়ির পাশে একটি মুদিদোকানও করে দেওয়া হয়। সিডরের দাদা রণজিত সরকার ও বাবা জর্জি সরকার মিলে দোকানটি পরিচালনা করতেন। দোকানের আয় দিয়ে সংসারের দেনা শোধ করে ভালোই চলছিল তাদের দিন। কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় আইলায় আবারও ক্ষতিগ্রস্ত হয় পরিবারটির ঘরবাড়ি ও দোকান। পানিতে তলিয়ে যায় দোকানের মালামাল। পরে একটি বেসরকারি সংস্থা ঘরটি পুনর্নির্মাণ করে দিলেও সিডরের দাদা রণজিত সরকারের মৃত্যুর পর পুঁজির অভাবে দোকানটি আর চালু করা সম্ভব হয়নি।

প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়ের রাতে জন্ম নেওয়া সিডর এখন নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন। ১৫ নভেম্বর তার ১৯তম জন্মদিন। অথচ এই জন্মদিনেও ছেলের জন্য সামান্য আয়োজন করার সামর্থ্য নেই পরিবারের। সিডরের চাওয়া, একটি ভালো কাজের সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা আর পরিবারের মুখে হাসি ফোটানোর সামর্থ্য।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট