
২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই বিভীষিকাময় রাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন বাগেরহাটের উপকূলবাসী। সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও মোংলার পশুর নদীতীরবর্তী কানাইনগর গ্রামের মানুষের জীবনযাত্রায় ফেরেনি স্বস্তি। নদীভাঙনে বসতভিটা হারানোর ভয়, জোয়ারের পানির সঙ্গে নিত্য লড়াই এবং সুপেয় পানির তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার পাঁচ শতাধিক জেলে পরিবার। টেকসই বেড়িবাঁধের অভাবে সামান্য দুর্যোগের পূর্বাভাস পেলেই এখনো তাদের তাড়া করে ফেরে সিডরের সেই ভয়াবহ আতঙ্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পশুর নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কানাইনগর গ্রামের বিভিন্নস্থানে নদীভাঙনের চিহ্ন স্পষ্ট। কোথাও বসতভিটার একাংশ নদীতে বিলীন হয়েছে, কোথাও জোয়ারের পানিতে তলিয়ে আছে চলাচলের রাস্তা। পানির সঙ্গে যুদ্ধ করেই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করলেও নদীভাঙনের ঝুঁকি থেকে মুক্তি মেলেনি। নিরাপদ পানির সংকটও প্রকট। সব মিলিয়ে সিডরের ১৯ বছর পরও প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছেন এখানকার মানুষ।
২০০৭ সালের ১৫ নভেম্বর। বিভীষিকাময় সেই রাতে দানবরূপী সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন অবকাঠামো। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়। শুধু জনপদ নয়, সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অংশও। সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।

কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে পড়েছিল, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা। কেউ আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, কেউ আবার স্বজনদের খোঁজে নদী-চরে ঘুরেছেন। দীর্ঘ ১৯ বছর পরও তাদের সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও জমিজমা। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নিরাপত্তা নিশ্চিত হয়নি অনেক পরিবারের।
গুচ্ছ গ্রামের তাসলিমা বেগম বলেন, সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা যদি ভালোভাবে করে দিত এবং আমাদের দিকে একটু নজর দিত, তাহলে ভালোভাবে থাকতে পারতাম।
রিজিয়া বেগম বলেন, সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাদের মরদেহ নদী থেকে নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।
আশ্রয়ণ প্রকল্পের লিমন বলেন, এই জায়গায় আমাদের ঘরবাড়ি ছিল। নদীতে ভেঙে যাওয়ার পর যার যার মতো চলে গেছি। অন্যের বাড়িতে জায়গা চেয়ে নিয়ে এখন ফুটপাতে থাকি। আমাদের কোনো জায়গাজমি নেই। আমরা ভূমিহীন।
দাউদ হায়দার বলেন, আমাদের চলাচলের রাস্তাটিও ঠিক নেই। জোয়ার এলে পানিতে নেমে কাপড় উঁচু করে চলাচল করতে হয়। মাঝেমধ্যে ভেকু দিয়ে মাটি ফেলা হয়, কিন্তু ঠিকমতো চাপ দিয়ে শক্ত করা হয় না। ফলে জোয়ারের পানিতে সেই মাটি আবার ভেঙে নদীতে চলে যায়। জোয়ারের সময় ঘরবাড়ি ডুবে যায়, বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ে। এখন খাবার পানিও নিরাপদ নয়। ফিটকিরি দিয়ে পানি পরিষ্কার করে খেতে হয়। ২০০ লিটারের একটি ড্রামে পানি রাখলে তলায় অনেক ময়লা জমে। আমরা চাই, এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। তাহলে বসতভিটা ও পুকুরের পানিও রক্ষা পাবে।
জোছনা বেগম বলেন, সিডরের সময় ঝড়-বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। থাকার মতো কোনো জায়গা ছিল না। এলাকার মানুষ সাইক্লোন সেন্টারে গেলেও সেখানে জায়গা পাওয়া যায়নি। এখনো জোয়ারের সময় পানি উঠে চলাচল বন্ধ হয়ে যায়। সামান্য ঝড়-বন্যা হলেই ঘরবাড়ি নিয়ে আতঙ্কে থাকতে হয়। ঘর ভেঙে গেলে নিজেরাই আবার মাটি দিয়ে ঠিক করে বসবাস করি।
হেলেনা বেগম বলেন, সিডরের সময় আমাদের ঘরবাড়ি ভেঙে পানিতে ভরে গিয়েছিল। সাইক্লোন সেন্টার অনেক দূরে হওয়ায় সেখানে যাওয়ার সুযোগ হয়নি। ঘরেই ঝুঁকি নিয়ে ছিলাম। পরে পানি কমলে নিজেরাই মাটি ভরাট করে আবার বসবাস শুরু করি। এখনো একই ঝুঁকির মধ্যে আছি। জোয়ারের পানি বাড়লে ঘরের মধ্যে পানি ওঠে। রান্না ও খাওয়াদাওয়াও করতে হয় পানির মধ্যে। ঘর ভেঙে গেলে নিজেরা কিংবা অন্যদের ডেকে এনে মাটি ভরাট করে আবার থাকার ব্যবস্থা করি।
শুধু মোংলার কানাইনগর নয়, সিডরের ভয়াবহ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন শরণখোলার বলেশ্বর নদপাড়ের বাসিন্দারাও। সিডরে স্বজন ও সহায়-সম্বল হারানো বগী গ্রামের সোলায়মান খাঁন, সাউথখালী গ্রামের মালেকা বেগম ও গাবতলা গ্রামের শাহ আলমসহ অনেকেই জানান, প্রতিবছর নভেম্বর মাস এলেই তাদের মনে পড়ে সেই কালরাতের ভয়াবহ স্মৃতি। তাদের মতে, সেদিন যদি উঁচু ও টেকসই বেড়িবাঁধ থাকত, তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না, প্রাণ হারাতে হতো না শত শত মানুষকে।
তাদের অভিযোগ, সিডরের পর উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি। নদীশাসনের কার্যকর ব্যবস্থা না নিয়ে বাঁধ নির্মাণ করায় বলেশ্বর নদের প্রবল ঢেউ ও স্রোতে প্রতিনিয়ত ভাঙছে বাঁধ। কোথাও কোথাও বাঁধের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের বর্তমান অবস্থা দেখলেই তাদের মনে ফিরে আসে সিডরের আতঙ্ক। সামান্য ঝড়ের পূর্বাভাস পেলেই নতুন করে বসতভিটা ও জীবন হারানোর শঙ্কায় দিন কাটে তাঁদের।
সিডরের পর শরণখোলা ও মোরেলগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে শরণখোলার বগী থেকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা পর্যন্ত বলেশ্বর নদের তীরবর্তী এলাকায় প্রায় ২০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে বাঁধ হস্তান্তরের তিন বছর না যেতেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বলেশ্বর নদের তীর রক্ষাবাঁধের প্রায় ২৫ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার এলাকায় মূল বাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে সামান্য ঝড়ের পূর্বাভাস পেলেই বলেশ্বরপাড়ের বাসিন্দাদের মধ্যে ফিরে আসে সিডরের বিভীষিকা।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য আমরা প্রকল্প জমা দিয়েছি। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প জমা দেওয়া নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শরণখোলার বগী এলাকায় প্রায় ৫০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে। তবে নদীতীরের আরও অনেক এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। স্থায়ীভাবে বাঁধের ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকা প্রয়োজন। এ জন্য প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হচ্ছে।
নদীভাঙন, জোয়ারের পানি ও সুপেয় পানির সংকটের মধ্যেই দিন কাটাতে হচ্ছে কানাইনগরের পাঁচ শতাধিক জেলে পরিবারের সদস্যদের। অন্যদিকে, শরণখোলার বলেশ্বরপাড়ের মানুষও স্থায়ী ও টেকসই বাঁধের অপেক্ষায় রয়েছেন। তাঁদের দাবি, শুধু আশ্বাস নয়, নদীশাসনের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীতীর সংরক্ষণ এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করে উপকূলের মানুষের বসতভিটা ও জীবন-জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।


