logo
জাতীয় ক্রিকেট লিগ

১০ ছক্কায় মোসাদ্দেকের ২২০ রানের তাণ্ডব

১০ ছক্কায় মোসাদ্দেকের ২২০ রানের তাণ্ডব
ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন মোসাদ্দেক। ছবি: বিসিবি

একটি সেঞ্চুরির জন্য অপেক্ষা আট বছর। শনিবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর পরদিনই শতককে রূপ দিলেন দ্বিশতকে। জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে ২২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪৪০ রানের বড় সংগ্রহ পেয়েছে ময়মনসিংহ।

রোববার (১৫ নভেম্বর) সিলেট একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে আগের দিনের অপরাজিত ১৩৭ রান নিয়ে ব্যাটিং শুরু করেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত ২১৫ বলে ২২ চার ও ১০ ছক্কায় ২২০ রান করে আউট হন তিনি। ১০২.৩৩ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটির ১৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে।

আগের দিন অবশ্য ময়মনসিংহের পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে মাত্র ১৯১ রানেই ৭ উইকেট হারায় তারা। সেখান থেকে আরিফুল জনিকে নিয়ে দলের হাল ধরেন মোসাদ্দেক।

অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে প্রথম দিনের খেলা শেষ করে ময়মনসিংহ। তখন ১৫০ বলে ১৩৭ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ৭টি ছক্কা। আরিফুল অপরাজিত ছিলেন ২৯ রানে।

দ্বিতীয় দিনেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মোসাদ্দেক। আগের দিনের সংগ্রহের সঙ্গে আরও ৮৩ রান যোগ করতে খেলেন মাত্র ৬৫ বল। তাতেই আট বছর পর পাওয়া প্রথম শ্রেণির সেঞ্চুরিকে রূপ দেন দ্বিশতকে।

মোসাদ্দেকের জন্য অবশ্য এমন বড় ইনিংস নতুন কিছু নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও তিনটি দ্বিশতক ছিল তার। ২০১৫ সালে বরিশালের হয়ে প্রথমে রংপুরের বিপক্ষে ২৫০ ও চট্টগ্রামের বিপক্ষে ২৮২ রান করেছিলেন তিনি। পরে সিলেটের বিপক্ষে খেলেন অপরাজিত ২০০ রানের ইনিংস।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি দ্বিশতক করার কীর্তি গড়েছিলেন মোসাদ্দেক। এবার সেই তালিকায় যোগ হলো চতুর্থ দ্বিশতক।

অথচ একসময় নিয়মিত বড় ইনিংস খেলা এই ব্যাটারই দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১০৪ রান করেছিলেন তিনি।

এরপর কেটে গেছে আট বছর। জাতীয় দলের বাইরে চলে যাওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বড় ইনিংসের জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। অবশেষে রাজশাহীর বিপক্ষে সেই খরা কাটিয়ে আবারও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন মোসাদ্দেক।

তার দ্বিশতকের সুবাদে ১০৪ ওভার ২ বলে ৯ উইকেটে ৪৪০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ।

মোসাদ্দেক ছাড়া দলের আর কোনো ব্যাটার তিন অঙ্কের দেখা পাননি। আরিফুল জনি ১৬৩ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া আল আমিন জুনিয়র ৩৯, মোহাম্মদ ফাহিম ৩৫ ও আজিজুল হাকিম রনি করেন ২২ রান।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নিহাদ উজ জামান। শফিকুল ইসলাম ও মোহর শেখ পান দুটি করে উইকেট।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট