logo

টাখনুর নিচে কাপড় রেখে নামাজ আদায়, যা বলছে ইসলাম

টাখনুর নিচে কাপড় রেখে নামাজ আদায়, যা বলছে ইসলাম
মসজিদে নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: ড. খালিদ জাহের

নামাজে ও নামাজের বাইরে যে কোনো সময়ই পুরুষদের জন্য প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা বা পরিধেয় যে কোনো পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরা নাজায়েজ। এমনটি করা উচিত নয়। এ বিষয়ে হজরত মুহাম্মদ (সা.) হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

পুরুষের জন্য কোনো ধরনের পরিধেয় কাপড় টাখনুর নিচে ঝুলানো যাবে না। টাখনুর নিচে কাপড় ঝুলানো কবিরা গুনাহ। কিন্তু কেউ কেউ মনে করেন, অহংকারের নিয়তে করলে হারাম। অহংকারের নিয়ত না থাকলেও এটি নাজায়েজ। আর অহংকারের নিয়তে করা তো আরও মারাত্মক গুনাহ।

Advertisement

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭৮৭)

তিনি আরও বলেছেন, ‘যে ব্যক্তি অহংকার বশে তার লুঙ্গি মাটির সঙ্গে টেনে নিয়ে বেড়াবে, কেয়ামত দিবসে আল্লাহ তার প্রতি দৃষ্টি দেবেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬৫)

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না, বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংস, তাদের বাঁচার কোনো রাস্তা নেই। রাসুল (সা.) এ কথা তিনবার বলেছেন। তারা হলো- এক. যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে। দুই. যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে। তিন. যে ব্যক্তি কারও উপকার করে আবার খোটা দেয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৬)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তিনি এক বেদুঈনকে দেখলেন যে, সে তার লুঙ্গি (টাখনু গিরার নিচে) ঝুলিয়ে নামাজ পড়ছে। তিনি বললেন, যে ব্যক্তি নামাজে লুঙ্গি (কাপড় টাখনু গিরার নিচে) ঝুলিয়ে রাখে, সে যেন আল্লাহর হালাল-হারামের সীমারেখার কোনো তোয়াক্কা করল না। (আলমুজামুল কাবির, তবারানি, বর্ণনা: ৯৩৬৮)

সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজ পড়ার সময় টাখনু ঢেকে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা পরা থেকে বিরত থাকা অপরিহার্য। অবশ্য কাজটি অন্যায় হলেও নামাজ আদায় হয়ে যাবে। এ কারণে নামাজ নষ্ট হবে না।

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহ। নামাজে এটি অধিকতর অন্যায় কাজ। তবে টাখনুর নিচে কাপড় থাকলে নামাজ নষ্ট হবে না।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট