logo

কেয়ামতের দিন যে দুই সুরা মুমিনদেরকে ছায়া দেবে

কেয়ামতের দিন যে দুই সুরা মুমিনদেরকে ছায়া দেবে
মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন চার মুসল্লি। ছবি: ভেকটিজি

জন্মের মাধ্যমে জীবনের শুরু হয়ে মৃত্যুর মাধ্যমে ইহজীবনের সমাপ্তি ঘটে এবং পরকালীন জীবনের যাত্রা শুরু হয়। কবর বা বারজাখি জীবনের পর মানুষ কেয়ামতে পার্থিব জীবনের কর্মের হিসাব দিয়ে অনন্ত জীবনে সুখ-শান্তি কিংবা আজাব লাভ করবে। আর সেই অনন্ত জীবনের প্রবেশদ্বার হচ্ছে কেয়ামত।

কেয়ামত কখন হবে, এটা শুধু আল্লাহ জানেন। আল্লাহ বলেন, ‘আপনাকে লোকেরা জিজ্ঞেস করে, কেয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলে দিন, এ খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে।’ (সুরা আরাফ, আয়াত: ১৮৭)

Advertisement

কেয়ামতের সময় আসমান ও জমিনে যা কিছু আছে মহান আল্লাহ নিমিষেই সবকিছু ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেন, ‘যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। যখন তারকাগুলো বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যখন পর্বতগুলোকে চলমান করে দেওেয়া হবে। যখন দশমাসের গর্ভবতী উটগুলো ছেড়ে দেওয়া হবে। যখন বন্য জন্তুগুলোকে চারদিক থেকে গুটিয়ে একত্রিত করা হবে। যখন সমুদ্র সমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে।’ (সুরা তাকভির, আয়াত: ১-৬)

উল্লিখিত আয়াতগুলোতে কেয়ামত সংঘটিত হওয়ার সময়ের এক বাস্তব ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। আর সেজন্যই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি স্বচক্ষে কেয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখতে চায় সে যেন সুরা ইনশিকাক, তাকভির ও ইনফিতার তেলাওয়াত করে।’ (হাদিস)

কেয়ামতের মাঠের অবস্থা হবে অত্যন্ত জটিল ও কঠিন। কেয়ামতের মাঠে সবাইকে একত্রিত করা হবে। সেদিন কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হবে না। কেয়ামতের দিন কেউ কারও উপকারে আসবে না। এমনকি, মা-বাবা, সন্তান, ভাইবোন, স্বামী-স্ত্রী ইত্যাদি নিকটাত্মীয়রা।

কেয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।’ এই ভয়াবহ সময়ে দুটি সুরা মুমিনকে ছায়া দেবে। সুরা দুটি হলো- সুরা বাকারা ও আলে ইমরান। ওই সময়ে ছায়া পেতে আমাদেরকে বেশি বেশি এ সুরা দুটি তেলাওয়াত করতে হবে।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন পড়ো। কারণ কেয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুই উজ্জ্বল সুরা- সুরা বাকারা ও সুরা আলে ইমরান পড়ো। কারণ কেয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে, যেন তারা দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়াদানকারী বস্তু, কিংবা সারিবদ্ধভাবে উড়ে চলা পাখির দুটি ঝাঁক। তারা তাদের পাঠকারীদের পক্ষে (আল্লাহর দরবারে) ওকালতি বা তর্ক করবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮০৪)

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট