বৃষ্টির কারণে জুমার নামাজে যেতে না পারলে করণীয় কী

মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন। এটি আল্লাহর কাছে সর্বোত্তম দিন। পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে এ দিনে। এ দিনই কেয়ামত সংঘটিত হবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)
জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটিই সালাতুল জুমা বা জুমার নামাজ।
এ দিনের সবচেয়ে বড় আমল জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত: ৯)
জুমার দিন যেসব ইবাদত ও আমল করা হয়, সপ্তাহের অন্যান্য দিনে সাধারণত তা করা হয় না। এই ব্যতিক্রম মুসলমানদের আনন্দ দেয়। ইবাদতে প্রাণ সঞ্চার করে। জুমার দিন পেয়ে আনন্দিত হওয়া সওয়াব। এটি সুন্নতও। কারণ, এ দিনের গুরুত্ব অনেক। হজরত মুহাম্মদ (সা.) এ দিনকে বিশেষ গুরুত্ব দিতেন। বিশেষ আমল করতেন।
আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কখনো ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়ে। ঝড়-বৃষ্টি, কাদা-ময়লার কারণে কোনো কোনো এলাকায় চলাচলে কষ্ট হয়ে দাঁড়ায়। মনে প্রবল ইচ্ছা এবং সব ধরনের চেষ্টার পরও যদি ঝড়-বৃষ্টির কারণে কেউ জুমার নামাজে যেতে না পারে, তাহলে ইসলাম এ বিষয়ে শিথিলতা দেখিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে কেউ জুমার নামাজে যেতে না পারলে ঘরে জোহরের চার রাকাত নামাজ পড়ে নেবে। কারণ, জামাত ছাড়া একাকী জুমার নামাজ আদায় করা যায় না।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, তিনি তার মুয়াজ্জিনকে এক বৃষ্টির দিনে বললেন, যখন তুমি (আজানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ বলবে, এরপর ‘হাইয়া আলাস সালাহ’ বলবে না। বলবে- ‘সাল্লু ফি বুয়ুতিকুম’- (অর্থাৎ তোমরা নিজ নিজ ঘরে নামাজ আদায় করো।) আজানে এই শব্দ বলাটা লোকেরা অপছন্দ করল। তখন ইবনে আব্বাস (রা.) বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তিই (আল্লাহর রাসুল) তা করেছেন। জুমা নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি যে, তোমাদের মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলি। (সহিহ বুখারি, হাদিস: ৮৫৫)
হানাফি মাজহাবের ইমামদের মতে, বৃষ্টির তীব্রতায় যদি মসজিদে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে অথবা কাদা-পানির কারণে শরীর ও কাপড় মারাত্মকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে জুমার পরিবর্তে ঘরে জোহর পড়া জায়েজ। (ফতোয়ায়ে শামি, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৪৯)
ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, ‘অতিবৃষ্টির কারণে জুমার নামাজের জন্য মসজিদে যেতে না পারলে নিয়ম হলো, একাকী জোহর পড়ে নেওয়া; নিজেরা বাড়িতে জুমার জামাত (জোহরের জামাতও) না করা। কিন্তু কেউ যদি আজান ও খুতবাসহ ন্যূনতম চারজন মিলে ঘরেও জুমা পড়ে নেয়, তাহলে জুমা সহিহ হওয়ার ন্যূনতম শর্ত পাওয়া যাওয়ার কারণে সেটি আদায় হয়ে যাবে এবং তাদেরকে আর ওই দিনের জোহর পড়তে হবে না। যদিও সেটি সঠিক কাজ হবে না।’ (ফাতাওয়া খানিয়া খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭৭; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা ১৪৪)







