গোবিন্দগঞ্জে শুরু তিন দিনের ইজতেমা, মুসল্লিদের ঢল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটা মোড় মাঠে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা।
শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর মুফতি শফিউল্লাহ সাফির আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইজতেমার প্রথম দিনেই জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ময়দান। ফজরের নামাজ আদায়ের পর মুসল্লিরা আমবয়ানে অংশ নেন। এ সময় তারা ধর্মীয় আলোচনা ও বয়ান শোনেন।
ইজতেমা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ইজতেমা ঘিরে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাঁটা মোড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।






