৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারি

এক বছর বিরতির পর আবারও আট বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘এক বছর বিরতির পর আট বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’
মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’
কোরআন ও সুন্নাহর সর্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হওয়া প্রয়োজন বলে জানান মিজানুর রহমান আজহারি। তিনি লেখেন, ‘পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কোরআন ও সুন্নাহর সর্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’
কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদেরকে সঠিক জীবনদর্শন শেখায় জানিয়ে তিনি লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’




