তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) এ মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাঈদ খোকনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা করে। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক অভিযোগ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে সাঈদ খোকনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন।
তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও দাবি করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মামলার তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা নিরূপণের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ওই দিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।
এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। এরপরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।



