logo

সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
এস এম আতাউল হক দোলন। ছবি: দোলনের ফেসবুক অ্যাকাইন্ট থেকে নেওয়া

ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা আদালতে রিমান্ডের আবেদন করেন।

Advertisement

এর আগে বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমাবেত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, তদন্তে তথ্য পাওয়া গেছে যে, গ্রেপ্তার তিন জন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে বলেও তথ্য মিলেছে।

আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন বলে আবেদনে অভিযোগ করা হয়। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।