logo
Advertisement

মালিকের মৃত্যু হলে আম মোক্তারনামার কী হয়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মালিকের মৃত্যু হলে আম মোক্তারনামার কী হয়
পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনের প্রতীকী ছবি: গেটি ইমেজস

জমিজমা বা সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে মালিক নিজে উপস্থিত থাকতে না পারলে অন্য কাউকে নিজের পক্ষে দায়িত্ব পালনের ক্ষমতা দিতে পারেন। দেশের বাইরে অবস্থান, শারীরিক অসুস্থতা কিংবা সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পালনে অসুবিধার মতো বিভিন্ন কারণে এ ধরনের ক্ষমতা দেওয়ার প্রয়োজন হতে পারে। আইনগতভাবে এই ক্ষমতা দেওয়ার দলিলকে বলা হয় আম মোক্তারনামা বা জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি।

এর মাধ্যমে একজন ব্যক্তি তার পক্ষে সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ কিংবা দলিলে উল্লেখ থাকা সাপেক্ষে সম্পত্তি হস্তান্তর বা বিক্রয়ের মতো কাজের দায়িত্ব অন্য কাউকে দিতে পারেন। তবে আম মোক্তারনামার মাধ্যমে দেওয়া ক্ষমতার সীমা, এর কার্যকারিতা এবং প্রদানকারী বা গ্রহণকারীর মৃত্যুর পর এর বৈধতা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়। জমিজমা লেনদেনে এসব বিষয় জানা না থাকলে তৈরি হতে পারে জটিলতা। ‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ে এসব বিষয়ে বিস্তর আলোচনা করেছেন এ জেড এম শামসুল আলম।

আম মোক্তারনামা কি? আম মোক্তারনামা প্রদানকারী কে?

আম শব্দের অর্থ জেনারেল বা সাধারণ, যা খাসের বিপরীত। মোক্তার অর্থ-মোক্তার বা উকিল। নামা অর্থ দলিল। যিনি আম মোক্তারনামা (জেনারেল পাওয়ার এ্যাটর্নি) প্রদান করে থাকেন-তিনি আম মোক্তারনামা প্রদানকারী। যাকে আম মোক্তারনামা প্রদান করা হয় তিনি হলেন দলিল সম্পাদনের বা অন্য দায়িত্বের প্রতিনিধি ও আম মোক্তার।

‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট
‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট

কোন ব্যক্তি দেশের বাইরে থাকার কারণে অথবা শারীরিক অসুস্থতা বা নিজে সম্পত্তি রক্ষণাবেক্ষণের কোন দায়িত্ব পালন করতে না পারেন, তবে তিনি যথাযথ ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা বা অধিকার প্রয়োগের 'পাওয়ার' বা ক্ষমতা দিতে পারেন। এরূপ পাওয়ার দেয়ার চুক্তিকে পাওয়ার অব এটর্নি বা "আম মোক্তারনামা" বলা হয়ে থাকে।

আম মোক্তারনামা প্রদানকারী এবং আম মোক্তারনামা গ্রহণকারী দুই ব্যক্তি বা পক্ষের মধ্যে একজন মৃত্যুবরণ করলে সে অবস্থায় আম মোক্তারটির স্বাস্থ্য কিরূপ থাকবে?

আম মোক্তারনামা প্রদানকারী বা গ্রহণকারীর মধ্যে যে কোন একজনের মৃত্যু ঘটলে-এ মৃত্যুর শোকে এবং দুঃখে আম মোক্তারনামাটিও তাৎক্ষণিকভাবে মৃত্যু বরণ করবে।

আম মোক্তার গ্রহণকারী কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

মূল ব্যক্তি বা আম মোক্তারনামা প্রদানকারী ব্যক্তির পক্ষ হয়ে আম মোক্তার বা সাধারণ মোক্তার মালিকের সম্পত্তি দেখাশুনা বা রক্ষণাবেক্ষণ করতে পারেন।

আম মোক্তারনামায় উল্লেখ থাকলে আম মোক্তার তার মালিকের সম্পক্তি রক্ষণাবেক্ষণ ছাড়াও হস্তান্তর বা বিক্রয় করে দিতে পারেন। কিন্তু এই অর্থ আম মোক্তার নিজে ভোগ করতে পারেন না। এই অর্থ আম মোক্তার আম মোক্তারনামা প্রদানকারীকে হস্তান্তর করতে বাধ্য।

আম মোক্তারনামা গ্রহণকারী কি আম মোক্তারনামা প্রদানকারীর সমস্ত সম্পত্তি বিক্রয় করে দিতে পারবেন?

আম মোক্তারনামাটি যদি জেনারেল হয়, তবে আম মোক্তারনামা প্রদানকারীর সমস্ত সম্পত্তি আম মোক্তার বিক্রয় করে দিতে পারবেন। কিন্তু বিক্রয়লব্ধ অর্থ নিজে ভোগ করতে পারবেন না। আম মোক্তারনামা প্রদানকারীর সম্পত্তি যে আম মোক্তার গ্রহণকারী বিক্রয় করতে পারবেন, যদি এই ধারণাটি আম মোক্তারনামায় উল্লেখ থাকে।

Power of Attorney বহালকালে রেজিস্ট্রেশন

কোন সম্পত্তি ক্রয় বা দান সূত্রে পেয়েছেন মূল মালিকের দেয়া Power of Attorney বা আম মোক্তারনামা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে। যিনি Power of Attorney দিয়েছেন, তার জীবিত থাকা কালে এই Power of Attorney দলিল রেজিস্ট্রি কৃত হয়েছে কিনা সে মর্মে নিশ্চিত হতে হবে।

মৃত ব্যক্তির Power of Attorney তার মৃত্যুর পর কত কাল পর্যন্ত কার্যকরী বা অর্থবহ থাকে?

মৃত ব্যক্তির Power of Attorney প্রদানের ক্ষমতা থাকে না। কারণ, মৃত্যুর সাথে সাথে তার Power of Attorney-এর ক্ষমতা বাতিল হয়ে যায়। সম্পত্তির মালিকানা চলে যায় উত্তরাধিকারের হাতে।

বইটি থেকে লেখার অংশ বিশেষ, পৃষ্ঠা-১৪৫। ছবি: এশিয়া পোস্ট
বইটি থেকে লেখার অংশ বিশেষ, পৃষ্ঠা-১৪৫। ছবি: এশিয়া পোস্ট

আম মোক্তারনামা প্রদানকারী অনেক ক্ষেত্রে তার নিযুক্ত আম মোক্তারনামা গ্রহণকারীকে মোক্তারনামা প্রদানকারীর সম্পত্তি ব্যাংকে বন্ধক দিয়ে বিনিয়োগ করার অধিকার দিয়ে থাকেন। আর যদি বিনিয়োগ সুবিধা অপব্যবহার করা হয়-সোজা কথায় বন্ধক দেয়া সম্পত্তি ব্যাংক নিলামে বিক্রি করে দেয়-তা কি বৈধ হবে?

আম মোক্তারনামা গ্রহণকারীকে সম্পত্তি ব্যাংকে বন্ধক রাখার ক্ষমতা দেয়া হলেও এই ক্ষমতা বিধিসম্মত নয়। ব্যাংক এই সম্পত্তি বিক্রি করিয়ে ঋণের টাকা আদায় করতে পারে না। [সূত্র : পি বি কাউন্সিল এর নজির নাম্বার -৪১। পৃষ্ঠা ২৭-২ এম আই এ পৃষ্ঠা নং ২৭ নজির নং ০৫ বোম্বে হাইকোর্ট পৃষ্ঠা ৫৯৯ নজির নাম্বার ১৪।]

আম মোক্তারনামা গ্রহণকারী ব্যক্তি সম্পত্তির স্বার্থে আম মোক্তারনামা অন্তর্ভুক্ত সম্পত্তি ব্যাংকে জমানত হিসেবে প্রদান করে বিনিয়োগ সুবিধা নিতে না পারেন, তাহলে সম্পত্তির স্বার্থে প্রয়োজনের সময় কিভাবে ব্যাংকে বিনিয়োগ বা ঋণ সুবিধা পেতে পারেন?

আম মোক্তারনামা অন্তর্ভুক্ত সম্পত্তির স্বার্থে ঐ সম্পত্তি ব্যাংকে বন্ধক দেয়ার একটি অতি সহজ পদ্ধতি আছে। তা হলো আম মোক্তারনামা প্রদানকারী তার প্রদত্ত এবং রেজিস্ট্রিকৃত আম মোক্তারনামাটি যথাযথভাবে বাতিল করে দিতে পারেন এবং নিজেই বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারেন।


লেখকের পরিচিতি

এ জেড এম শামসুল আলম অডিট কমিটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আবুজর গিফারী সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত।