logo
Advertisement

চূড়ান্ত প্রকাশনার পরও সংশোধন করা যায় জমির খতিয়ান

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
চূড়ান্ত প্রকাশনার পরও সংশোধন করা যায় জমির খতিয়ান
জমির নমুনা খতিয়ান। ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি

জমিজমার মালিকানা ও স্বত্বের প্রমাণ হিসেবে রেকর্ড অব রাইটস বা স্বত্বলিপির গুরুত্ব অনেক। তবে জরিপ ও সেটেলমেন্টের বিভিন্ন পর্যায়ে করণিক, গাণিতিক, জালিয়াতি, তঞ্চকতা বা প্রতারণাজনিত ভুলের কারণে রেকর্ডে অসংগতি দেখা দিতে পারে। রেকর্ড অব রাইটসের চূড়ান্ত প্রকাশনা ও মুদ্রণ শেষ হওয়ার পরও নির্দিষ্ট প্রক্রিয়ায় এসব ভুল সংশোধনের সুযোগ রয়েছে।

সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫-এর বিধান অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসার এবং জেলা কালেক্টর রেকর্ড সংশোধন করতে পারেন। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে রেকর্ড চূড়ান্ত প্রকাশিত হওয়ার পরও সংশোধনের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায় না। স্বত্ব নিয়ে বিরোধ থাকলে দেওয়ানি আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

আবার জমি বিক্রি বা হস্তান্তরের পর নামজারির মাধ্যমেও রেকর্ডে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। তাই জমির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও কর্তৃপক্ষ সম্পর্কে জানা জরুরি। ‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ে এসব বিষয়ে বিস্তর আলোচনা করেছেন এ জেড এম শামসুল আলম।

‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট
‘জমি ক্রয়-বিক্রয়, বন্ধক’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট

সেটলমেন্ট অফিসার কর্তৃক সংশোধনের পর ভুল সংশোধন কে করতে পারেন?

রেকর্ড অব রাইটস এর চূড়ান্ত প্রকাশনা ও মুদ্রণের সমাপ্তির পরও রেকর্ড অব রাইটস সংশোধন করা যায়। সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল (এস.এস.এস.) ১৯৩৫-এর ৫৩৩ এবং ৫৩৪ বিধি মতে সাধারণত করণিক (ক্লারিক্যাল) বা গাণিতিক ভুল, জালিয়াতি, তঞ্চকতা বা প্রতারণা বা চাতুরীজনিত ভুলের প্রমাণ সেটেলমেন্ট অফিসার এর নিকট আবেদনের মাধ্যমে সংশোধন করা যায়। এই সংশোধন হবে ৫৩৭ বিধি অনুসারে।

ক্যালেক্টর কর্তৃক সংশোধন কখন হয়?

সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৭ বিধিমতে জেলার রাজস্ব কালেক্টর (District Collector/District Magis-trate) যুক্তিসংগত কারণে এবং ক্ষেত্রে রেকর্ড অব রাইটস চূড়ান্ত প্রকাশনার পর করণিক ভুল বা গাণিতিক ভুল জালিয়াতি ও তঞ্চকতা বা প্রতারণা বা চাতুরী-সংক্রান্ত ভুল সংশোধন করতে পারেন।

বইটি থেকে লেখার অংশ বিশেষ, পৃষ্ঠা-১২০। ছবি: এশিয়া পোস্ট
বইটি থেকে লেখার অংশ বিশেষ, পৃষ্ঠা-১২০। ছবি: এশিয়া পোস্ট

রেকর্ড অব রাইটস প্রকাশনা যে চূড়ান্ত হয়েছে তার অকাট্য প্রমাণ (Conclusive Proof) কি?

রেকর্ড অব রাইটস প্রকাশনা যে চূড়ান্ত হয়েছে তার Conclusive Proof হলো প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫-এর ৩৪ বিধি মতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ।

চূড়ান্ত প্রকাশনার পর স্বত্বলিপি (আর.ও.আর.) সংশোধনের অধিকার

রেকর্ড অব রাইটস প্রকাশনা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত হওয়ার পর কি তা সংশোধনের শেষ কোন অধিকার বা সুযোগ আছে কি?

রেকর্ড অব রাইটস প্রকাশনা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত হওয়ার পরও তা সংশোধনের সুযোগ আছে। সেটা হলো Civil Court বা দেওয়ানী আদালতে মামলা করা। রেকর্ড অব রাইটস এর ভুল সংশোধনের জন্য জমির মালিক Civil Case বা মামলা দায়ের করতে পারেন।

রেকর্ড অব রাইটস সংশোধন করা একটি চলমান প্রক্রিয়া। জমি-জমা প্রায়ই বিক্রি হয়। বিক্রির পর স্বত্বলিপি সংশোধনের জন্য আদালতে যেতে হয় না। তা নামজারির মাধ্যমে সংশোধন করা যায়।


লেখকের পরিচিতি

এ জেড এম শামসুল আলম অডিট কমিটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আবুজর গিফারী সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত।