চিতল মাছের নাম ‘চিতল’ কেন, কারণ জানলে চমকে যাবেন আপনিও

বাঙালির খাবারের পাতে চিতল মাছের কদর বহু দিনের। চিতল মাছের মুইঠ্যা কিংবা পেটির কালিয়া, নাম শুনলেই জিভে জল আসে অনেকের। তবে সুস্বাদু এই মাছের নাম কেন চিতল, তা কি কখনও ভেবে দেখেছেন?
মাছটির শরীরে থাকা বিশেষ দাগের সঙ্গে জড়িয়ে আছে এর নামকরণের ইতিহাস। শুধু তা-ই নয়, শিকারির হাত থেকে বাঁচতে শরীরের দাগ কাজে লাগানো এবং বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার মতো অদ্ভুত বৈশিষ্ট্যও রয়েছে চিতল মাছের।
বাংলা ‘চিতল’ শব্দটির উৎপত্তি সংস্কৃত ‘চিত্রল’ শব্দ থেকে বলে ধারণা করা হয়। ‘চিত্রল’ শব্দের অর্থ চিত্রবিচিত্র বা দাগযুক্ত। গায়ে চাকা চাকা ছোপ থাকার কারণে যেমন হরিণের নাম হয়েছে চিত্রা হরিণ, তেমনি শরীরের বিশেষ নকশার কারণে মাছটির নাম হয়েছে চিতল। মাছটির পিঠের দিক ধূসর বা রুপালি রঙের। তবে পেটের নিচের অংশ ও লেজের কাছাকাছি সারিবদ্ধভাবে গোলাকার কালো বা ধূসর ছোপ দেখা যায়।
চিতল মাছ নোটোপ্টেরিডি পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Chitala chitala। মাছটির গণ ও প্রজাতির নামেও ‘চিতল’ শব্দটির লাতিন রূপ ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে একে ‘হাম্পড ফিদারব্যাক’ বা ‘ক্লাউন নাইফফিশ’ বলা হয়। মাছটির পিঠের দিকটা কিছুটা কুঁজের মতো উঁচু। আর শরীরের নিচের পাখনা বা অ্যানাল ফিন লম্বা ও সরু, যা দেখতে ছুরির ফলার মতো।
চিতল মাছের শরীরের গোলাকার দাগগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়। এগুলোর পেছনে রয়েছে বিশেষ অভিযোজনের বিষয়। দাগগুলোকে বলা হয় ‘ফলস আইস্পট’ । ধারণা করা হয়, শিকারির হাত থেকে আত্মরক্ষায় এগুলো মাছটিকে সাহায্য করে।
নদীর ঘোলা পানি কিংবা জলজ উদ্ভিদের আড়ালে সাঁতার কাটার সময় চিতল মাছের লেজের কাছের গোলাকার দাগগুলো বড় শিকারি মাছ বা জলজ প্রাণীর চোখের মতো দেখাতে পারে। এতে শিকারি প্রাণী মাছটির মাথা ও লেজের দিক নিয়ে বিভ্রান্ত হতে পারে। ফলে আক্রমণের সময় শিকারির নজর মাছটির মাথার বদলে লেজের দিকে যেতে পারে। সেই সুযোগে দ্রুত সরে গিয়ে প্রাণে বাঁচতে পারে চিতল মাছ।
চিতল মাছের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বায়ুথলি। সাধারণ মাছের বায়ুথলির তুলনায় এটি বেশ উন্নত। বায়ুথলিটি অনেকটা ফুসফুসের মতো কাজ করতে পারে। এ কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলেও চিতল মাছ টিকে থাকতে পারে। এরা পানির ওপরের দিকে উঠে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। ফলে বদ্ধ বা ঘোলা পানিতেও তাদের বেঁচে থাকতে সুবিধা হয়।
সূত্র: টিভি৯ বাংলা

