আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: পাটওয়ারী

আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘কাউকে ভয় পেয়ে লাভ নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না।’
রোববার (২৫ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যস্ফীতি রোধসহ ৪ দফা দাবিতে রাজধানীজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে এনসিপি।
বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিল্ডিংয়ে লাকড়ি দিয়ে চুলায় রান্না হয়, অথচ ঢাকা শহরে গ্যাস থাকার কথা। এ চকবাজার এলাকায় গ্যাস থাকে না, চাঁদাবাজি হয়, যানজট তাহলে এগুলো ঠিক করবে কে? এগুলো কি গুলশান থেকে কেউ এসে ঠিক করবে? না। ঠিক করতে হবে আমাদেরই। আমাদেরই এখন দায়িত্ব নিতে হবে।’
ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘অনেকে আমাদের ভয় দেখায়, আমরা কি কাউকে ভয় পাই? না। গুলির মুখে ছিলাম, এখন আবার এ নতুন ভূতেরা এসেছে আমাদের ভয় দেখাবে? আমরা কাউকে ভয় পাই না।’
গণসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘আমাদের রাজপথে লড়াই চলবে। আমরা এখন দোকানে দোকানে যাব, আপনাদের বিক্ষোভ কর্মসূচিতে দাওয়াত দেব, আপনাদের সঙ্গে কথা বলব। নামাজের সময় নামাজ পড়ব, আবার আপনাদের কাছে যাব। আমাদের ইনশাআল্লাহ রাজপথে কর্মসূচি চলবে।’
চকবাজার এলাকার পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নের দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ এলাকা যতদিন না পর্যন্ত গুলশান তারেক রহমানের অফিসের সামনে যেরকম সুন্দর সেরকম হওয়া পর্যন্ত এ এলাকায় আমাদের ইনশাআল্লাহ বিক্ষোভ চলবে।’
এনসিপির পক্ষ থেকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি রোধসহ চার দফা দাবিতে রাজধানীজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ গণসংযোগ করা হয়।



