আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের আহ্বান বাসদের

দেশজুড়ে চলমান নাশকতা প্রতিরোধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্তের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক কমরেড মাসুদ রানা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে আওয়ামী লীগ দেশজুড়ে হত্যা, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গত দুই দিনে তাদের হামলায় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ থানা, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।’
সরকার ও প্রশাসনের সমালোচনা করে মাসুদ রানা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের যথাযথভাবে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের অনেক আসামি গ্রেপ্তার না হওয়া এবং জামিনে মুক্তি পাওয়ায় তারা আবারও নাশকতা ঘটানোর সুযোগ পাচ্ছে।’
দল নিষিদ্ধ করার পরিবর্তে রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় তাদের মোকাবিলা করার আহ্বান জানান মাসুদ রানা। পাশাপাশি, নাশকতা দমনের নামে অতীতের মতো জনগণের মতপ্রকাশের স্বাধীনতা যেন হরণ করা না হয়, সে বিষয়েও সরকারকে সতর্ক করেন এই নেতা।
বিবৃতিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলার নিন্দা জানানো হয়। মাসুদ রানা অভিযোগ করেন, রাতের আঁধারে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং মজুরি বোর্ড গঠন করা হলেও এখনো নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। অবিলম্বে গ্রেপ্তারদের শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে এবং শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে।







