এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। তিনি শুধু একজন পাইলটই নন, বিমান চলাচল নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ক উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত।
রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা সুপারিশকৃত এবং নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।
একই দিন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।
ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নবনিযুক্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

