ভাসানী-জিয়ার বাংলায় কোনো বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মাওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলায় কোনোরকম বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে না। বাংলাদেশে কোনো হানাদার বাহিনী বা আগ্রাসী তৎপরতা বেগম খালেদা জিয়ার বাংলা মেনে নেবে না।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেই পথ দেখিয়েছেন।
পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে গ্রাস করতে এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কারও দয়া-দাক্ষিণ্যে স্বাধীনতা অর্জন করেনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র যুদ্ধে লাখো শহীদের রক্ত ও মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই দেশকে কেউ অন্য দেশের উপহার মনে করলে তা মেনে নেওয়া হবে না।
বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে ও ভালোবাসায় রাষ্ট্র পরিচালনা করছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদরের ধন তারেক রহমানের সঙ্গে আছে। এ জায়গায় কোনো আপস নেই। ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই দেশকে পদানত করতে পারবে না।
বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভীর রাজপথের ত্যাগের কথা স্মরণ করেন এবং শেষে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।






