বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া গ্রহণযোগ্য নয়: সাদিক কায়েম

অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ এখনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাদিক কায়েম বলেন, পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন আরম্ভ করা।
আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, টেকনাফের একরামুল হককে ক্রসফায়ারে হত্যার সময় তার ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা কথা, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ মানুষ এখনো ভুলে যায়নি।
সাদিক কায়েম বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই তারা সফল হতে দেবেন না, ইনশা আল্লাহ।


