আশুরা উপলক্ষে দেশবাসীকে জি এম কাদেরের শুভেচ্ছা

এশিয়া পোস্ট ডেস্ক
আশুরা উপলক্ষে দেশবাসীকে জি এম কাদেরের শুভেচ্ছা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Advertisement

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক বাণীতে জি এম কাদের বলেন, ‘পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক মহান শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য এবং ন্যায়ের পথে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।’

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আজ সাধারণ মানুষের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। মানুষে মানুষে বৈষম্য ও সংঘাত প্রতিনিয়ত সমাজকে বিভক্ত করে চলেছে। একশ্রেণির মানুষ অর্থ ও ক্ষমতার দাপটে এবং একতরফা প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেদের মতবাদ জোর করে সমাজের সব শ্রেণির মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। এমনকি ভিন্নমতকে নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমন করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আশুরার মহান শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, সহমর্মিতা, ত্যাগ, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে এটাই হোক আমাদের প্রত্যাশা।’

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, ‘আগামী দিনগুলোতে দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য যেন সুদৃঢ় হয়। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশসহ বিশ্ববাসীকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।’