logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপির নতুন ছক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপির নতুন ছক
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজপথে নতুন কৌশলে এগোতে চায় ক্ষমতাসীন বিএনপি। বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দলটি। তবে কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মসূচির বিপরীতে সরাসরি পাল্টা কর্মসূচি কিংবা সংঘাতের পথে হাঁটতে চায় না বিএনপি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা, জনসচেতনতা তৈরি এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা করছে দলটি।

বিএনপির নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য এবং দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে সাধারণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে না বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার এবং আগের শাসনব্যবস্থা ফিরিয়ে আনতেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে মনে করেন তারা।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এশিয়া পোস্টকে বলেন, ‘জনগণ বিএনপি সরকারকে ক্ষমতা দিয়েছে তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের সুরক্ষা দেওয়ার দায়িত্বও সরকারের। এই দায়িত্ব সরকারকে যথাযথভাবে পালন করতে হবে। বিএনপি কখনো আইন নিজের হাতে তুলে নিতে চায় না।’

তিনি বলেন, ‘বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও রাজপথে থাকবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা বিধান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব সরকারের। আর সচেতন রাজনৈতিক শক্তি হিসেবে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।’

সরকারের ওপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বের কথা বললেও আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বলেও মনে করেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘চব্বিশের গণআন্দোলনের পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং আগের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র চলছে। চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপপ্রয়াসই সফল হতে দেওয়া হবে না।’

রিজভী আরও বলেন, ‘পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর বা রাজনীতি করার নৈতিক অধিকার নেই। গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গার্মেন্টস শিল্পেও অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি মাঠে থেকে এসব অরাজকতা কঠোর হাতে ঠেকাতে সর্বাত্মক সহযোগিতা করবে।’

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘যে দলটি বাংলাদেশে লকডাউন ডেকেছে তাদের লকডাউন প্রতিবেশী দেশ ভারতে ডাকা উচিত ছিল, কারণ তারা তো সেখানেই অবস্থান করছে। দেশের কিছু কিছু জায়গায় যে বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টা চলছে, তা এই বিশেষ পলাতক গোষ্ঠীই করাচ্ছে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ যদি মনে করে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল বা ফেলে দেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপির রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। দলীয় সূত্র বলছে, যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি দেশজুড়ে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

এ লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দলীয় নীতিনির্ধারকেরা জানিয়েছেন, এসব কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় লাঠিসোঁটা নিয়ে পাহারা বসিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, তেমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ডেও যাবে না বিএনপি। বরং রাজনৈতিক দায়িত্বশীলতা বজায় রেখে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনা রয়েছে দলটির।

দলীয় বৈঠক সূত্রে জানা গেছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে পৃথকভাবে ধারাবাহিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ শোভাযাত্রা ও জনসচেতনতামূলক অবস্থান। পাশাপাশি গণতান্ত্রিক চেতনা এবং বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ডিসেম্বর ও বিজয় দিবস ঘিরে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৭ আসনের এমপি ইশরাক হোসেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘পলাতক শেখ হাসিনা ও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ও ককটেল ফাটিয়ে জনমনে ভীতি ছড়ানোর যে অপচেষ্টা চলছে, বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

বিএনপির তিন অঙ্গসংগঠন নিজ নিজ সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলার পর ক্ষমতায় এসেছে বিএনপি। এখন সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তিও আরও সুসংহত করতে চায় দলটি।

দলীয় সূত্রের ভাষ্য, ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং রাজপথে তাদের উপস্থিতি জোরালো করার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।