কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।
বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সাতটি চলচ্চিত্রের একটি।
৮০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা ভাষার চলচ্চিত্রটির বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’। এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক।
চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে কুসংস্কার, সামাজিক গোঁড়ামি এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তিন তরুণীর লড়াই। গ্রামের রক্ষণশীল ও বৈরী সামাজিক বাস্তবতা থেকে মুক্তি পেতে তারা পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে তাদের মধ্যে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীই গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর তার জীবনে ঘটে এক ভিন্ন অভিজ্ঞতা; মুখোমুখি হতে হয় একটি হাতির।
মানবিক অনুভূতি, সামাজিক প্রতিবন্ধকতা ও জীবনের অনিশ্চয়তাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি এর ব্যতিক্রমী গল্পবিন্যাসের কারণে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তুহিদা, সুমাইয়া হকসহ আরও অনেকে।
সোমবার (১৬ই নভেম্বর) বিকেল ৩টায় কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটারে এবং ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় তাহরির সিনেমায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কায়রো উৎসবে এটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী।
আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগটি মূলত প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের কাজকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। এ বিভাগের প্রতিযোগিতায় নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সেরা চলচ্চিত্রকে দেওয়া হবে ‘শাদি আবদেল সালাম অ্যাওয়ার্ড’। পাশাপাশি প্রদান করা হবে ‘ফাতি ফারাজ স্পেশাল জুরি প্রাইজ’।
এবারের প্রতিযোগিতার বিচারক মণ্ডলীতে রয়েছেন ফ্রিদা মারজুক, হেবা ওতমান ও আদ্রিয়ানা প্রোদেউস।
এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার অর্জন করে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।
ফলে কায়রো উৎসবে অংশ নেওয়ার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি অর্জন করে নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে ৬৪টি দেশের ১৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ও জার্মানিসহ কাজাখস্তান, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, চিলি ও ইতালির চলচ্চিত্র স্থান পেয়েছে।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের অংশগ্রহণ দেশের তরুণ নির্মাতাদের সৃজনশীলতা ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিশেষ করে সাংহাইয়ে পুরস্কার অর্জনের পর কায়রোর মতো মর্যাদাপূর্ণ উৎসবে ইশতিয়াক আহমেদ জিহাদের চলচ্চিত্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশের নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাকেই তুলে ধরছে।





