লাওসের সেই ২২ বাংলাদেশিকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে

ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে কোম্পানির অস্তিত্বই না পাওয়া ২২ বাংলাদেশিকে ভাড়ার জন্য বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তারা এখন নানান অনিশ্চয়তার মধ্যে রাস্তায় অবস্থান করছেন।
লাওসের রাজধানীর ভিয়েনতিয়েনের ওই ভাড়াবাড়ির মালিক মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদেরকে বাসা থেকে বের করে দেন।
বর্তমানে ওই ২২ জন বাংলাদেশি প্রবাসী মালামালসহ রাস্তায় অবস্থান করছেন। সেই সঙ্গে যে কোনো সময়ে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করছেন।
ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিদের একজন জানান, আমরা ২২ জন প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আগে লাওসে আসছি। লাওসে আসার পর আমাদের কাছ থেকে পাসপোর্টসহ সবকিছু রেখে দিয়েছে।
তিনি বলেন, আমাদেরকে কাজের কথা বলে কাজও দেয়নি। এখানকার এই বাসায় রেখেছিল। এদিকে বাসার মালিক বাসা ভাড়ার জন্য আমাদেরকে বের করে দিয়েছে। এখন আমরা মালামাল নিয়ে রাস্তায় অবস্থান করছি। এখন আমরা কী করব, কিছুই বুঝছে না। আবার যে কোনো সময় পুলিশ এসে আমাদেরকে ধরেও নিয়ে যেতে পারে। সেই ভয়ও কাজ করছে আমাদের মাঝে।
আরেকজন বলেন, আমরা যে কাজে আসছি, সেই কাজ দেওয়া হোক। আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা আর কিছুই চাই না। নাহলে আমাদের মিথ্যে প্রলোভন দিয়ে বিদেশের মাটিতে এনে এভাবে দুঃসহ জীবন যাপনের জন্য প্রতারকদের বিচার করা হোক।
ভুক্তভোগীদের অভিযোগ, মেসার্স T.K Enterprise (RL-1527) লাওসের SOUTHERMANY SOLE CO. LTD.-এর নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে T.K Enterprise ও Shining Overseas (RL-2716) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে তাদের লাওসে পাঠানো হয়।
লাওসে গিয়ে ‘রেডিশন রেস্টুরেন্টে’ কাজ করার কথা ছিল তাদের। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কর্মস্থলে কাজ পাননি তারা।
অভিযোগ অনুযায়ী, লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর থেকে কর্মসংস্থান, ভরণপোষণ কিংবা নিরাপদ আবাসনের কোনো কার্যকর ব্যবস্থা করা হয়নি।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন এশিয়া পোস্টকে বলেন, জীবিকার সন্ধানে মানুষ বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ না পান, খাবার ও থাকার জায়গা হারানোর আশঙ্কায় পড়েন, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণের পক্ষ থেকে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে দ্রুত কর্মীদের বর্তমান অবস্থা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের জন্য জরুরি খাদ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, লাওসে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া প্রায় ছয় লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।


