দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপি সম্মেলনে এনসিপির চার নেতা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র চার নেতা।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (মিনজু পার্টি) এবং প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টির যৌথ আমন্ত্রণে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Rebuilding Trust in a Changing World’—অর্থাৎ পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক আস্থা পুনর্গঠন। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, গণতন্ত্র, রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য গঠন ও একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়টিও কর্মসূচিতে রয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণের পরিকল্পনা
বাংলাদেশ থেকেও একাধিক রাজনৈতিক দলকে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইতোমধ্যে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদলও সিউলে পৌঁছেছে। প্রতিনিধিদলে রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সালাহউদ্দিন আইউবী।
উল্লেখ্য, ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইসিএপিপি প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম কাজ করে আসছে।
দক্ষিণ কোরিয়ার ছুসক ছুটিতে জুমাআর নামাজ আদায় করছেন প্রবাসীরা
এদিকে, এনসিপির চার নেতার দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল (৮ নভেম্বর) রোববার এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনিরা শারমিন ও আলাউদ্দীন মোহাম্মদ।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে বলে আয়োজকেরা আশা করছেন।
আয়োজকদের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সফররত নেতাদের সঙ্গে প্রবাসীদের সরাসরি মতবিনিময়ের এ উদ্যোগকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।