logo

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন ইউল্যাব

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন ইউল্যাব
ছবি: ইউল্যাবের ওয়েবসাইট থেকে নেওয়া

সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর শিরোপা জিতেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ফাইনালে ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দল।

শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইউল্যাব। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। ইউল্যাবের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফারহান জানি। মাত্র ৬১ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৭৮.৬৯ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৩টি চার।

জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। ইউল্যাবের বোলার আরিফুর রহমান ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩৩ রানেই ৬ উইকেট হারায় দলটি।

তবে ইয়াসিন ভূঁইয়া ও আসিফ হাসানের ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সোনারগাঁও ইউনিভার্সিটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ইয়াসিন। আসিফের ব্যাট থেকে আসে ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ১৫২ রানেই থামে সোনারগাঁও ইউনিভার্সিটির ইনিংস।

ইউল্যাবের হয়ে বল হাতে আরিফুর রহমান একাই শিকার করেন ৪ উইকেট। শরিফুল ইসলাম পান ৩ উইকেট।

ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আধিপত্য ধরে রেখে ৫৩ রানের জয় তুলে নেয় ইউল্যাব। এর মধ্য দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দল।