logo

‘বসে থাকতে কষ্ট হয়’, সুযোগ পেলে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি খালেদের

‘বসে থাকতে কষ্ট হয়’, সুযোগ পেলে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি খালেদের
খালেদ আহমেদ। পুরোনো ছবি

জাতীয় দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মিলছে না। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দর্শক হয়ে থাকতে হয়েছে খালেদ আহমেদকে। বাইরে বসে থাকার হতাশা তাই লুকাননি বাংলাদেশের এই পেসার। তবে চোটের কারণে হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খালেদ।

শনিবার (২১ নভেম্বর) সেঞ্চুরিয়নে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন খালেদ। আগামী সোমবার (২৩ নভেম্বর) সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

প্রথম টেস্টে কেন সুযোগ পাননি, সেটি জানেন না খালেদ। তবে একাদশ নির্বাচন পুরোপুরি অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে মেনে নিয়েছেন তিনি। তারপরও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হওয়ায় আক্ষেপ রয়েছে তার।

খালেদ বলেন, ‘অবশ্যই বাইরে বসে থাকাটা কষ্টকর।’ তবে দলের সমন্বয়ের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করেন তিনি। নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না এই পেসার।

একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে খালেদ বলেন, ‘আমার সুযোগ এলে অবশ্যই শতভাগ দিয়ে চেষ্টা করব সেরাটা দেয়ার।’

আত্মবিশ্বাসের পেছনে বড় ভূমিকা রাখছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। গত সেপ্টেম্বরে কেন্টের হয়ে তিন ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন খালেদ। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। তিন ইনিংসে নেন তিনটি করে উইকেটও।

কাউন্টিতে খেলার পর নিজের বোলিংয়ের ছন্দ ভালো আছে বলে মনে করেন খালেদ। তার মতে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মধ্যে বেশ মিল রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেঞ্চুরিয়নেও সফল হওয়ার আশা করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অবশ্য আগেও ভালো বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে খালেদের। ২০২২ সালে বাংলাদেশের সবশেষ সফরে দুই টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ডারবান টেস্টে ৯২ রানে ৪ উইকেট নেওয়ার পর গেবেখায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নেন আরও ৩টি।

তবে এবারের সফরে জোহানেসবার্গে প্রথম টেস্টে তিন পেসার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ফলে সুযোগ পাননি খালেদ। তার অনুপস্থিতিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারে সফরকারীরা।

প্রথম ইনিংসে তাওহিদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪০০ রান তুললেও দক্ষিণ আফ্রিকা করে ৫৫৭। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় শান্তর দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

সেই ম্যাচে বাংলাদেশের পেসারদের বোলিংয়ের লেংথ নিয়ে সমালোচনা হয়েছে। সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার শন পোলকসহ একাধিক ধারাভাষ্যকারের মতে, প্রয়োজনের তুলনায় বেশি শর্ট বল করায় ব্যাটারদের রান করার সুযোগ দিয়েছেন বাংলাদেশের বোলাররা।

এই সমস্যার কথা স্বীকার করেছেন খালেদও। তার মতে, দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে সফল হতে হলে সঠিক লাইন-লেংথ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়তি কিছু করার চেষ্টা না করে দীর্ঘ সময় একই জায়গায় বল ফেলতে পারলে উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ে।

খালেদের মতে, জোহানেসবার্গে উইকেটের বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা দেরি হয়েছে বাংলাদেশের পেসারদের। অনেকে বেশি জোরে বল করার চেষ্টা করেছেন। ফলে কয়েকটি বল প্রয়োজনের তুলনায় ছোট লেংথে পড়েছে। একই কারণে স্বাভাবিকের চেয়ে বেশি নো বলও হয়েছে বলে মনে করেন তিনি।

তবে দ্বিতীয় টেস্টে বোলাররা এই ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস খালেদের। বিশেষ করে প্রথম ম্যাচে ভালো লেংথে বল করে সাফল্য পাওয়া হাসান মাহমুদের উদাহরণ দিয়েছেন তিনি।

যদিও সেঞ্চুরিয়নে হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ডান কনুইয়ের চোটে পুরো সফর থেকেই ছিটকে গেছেন এই পেসার। প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেওয়া হাসানের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন খালেদ।

শুধু হাসান নন, কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। ফলে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই পরিবর্তনের প্রয়োজন পড়েছে বাংলাদেশের।

এই অবস্থায় প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছেন খালেদ। তার ভাষ্য অনুযায়ী, প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক শান্তও ক্রিকেটারদের আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখার পরামর্শ দিয়েছেন।

প্রথম তিন দিন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছিল বলে মনে করেন এই পেসার। তবে কিছু ভুলের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয়নি। সেই ভুল শুধরেই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে চান তারা।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বুঝতে স্থানীয় দুই কোচের অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে বাংলাদেশ। সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ও ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টাইনের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন ক্রিকেটাররা। বিশেষ করে উইকেটের বাউন্স ও পেস সহায়ক পরিবেশে সফল হওয়ার কৌশল নিয়ে কাজ চলছে।

সিরিজে সমতা ফেরাতে সেঞ্চুরিয়নে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে খেলার সুযোগ পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয় খালেদের। তবে বাইরে বসে থাকার হতাশা পেছনে ফেলে মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত এই পেসার।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট