logo

একই একাদশে ছয় নারী ও পাঁচ পুরুষ, আসছে নতুন টি-টোয়েন্টি লিগ

একই একাদশে ছয় নারী ও পাঁচ পুরুষ, আসছে নতুন টি-টোয়েন্টি লিগ
প্রতীকি ছবি

পেশাদার ক্রিকেটে নারী ও পুরুষদের জন্য আলাদা লিগই দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। এবার সেই প্রচলিত কাঠামো ভেঙে একই দলে নারী ও পুরুষ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ইকুয়াল’ নামের এই প্রতিযোগিতিতে প্রতিটি দলের একাদশে থাকবেন ছয়জন নারী ও পাঁচজন পুরুষ ক্রিকেটার। আগামী বছরের আগস্টে জার্মানিতে মাঠে গড়ানোর কথা রয়েছে নতুন এই লিগের।

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক পেসার জহির খান ও প্রযুক্তি উদ্যোক্তা নগেন্দ্র সিদ্দৌতমের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি এই উদ্যোগ নিয়েছে। সুইডেনের স্টকহোমভিত্তিক প্রতিষ্ঠানটি জার্মান ক্রিকেট ফেডারেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে লিগটি আয়োজন করবে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশ্যে এসেছে এই পরিকল্পনা।

Advertisement

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে প্রতিযোগিতাটি। মোট ম্যাচ থাকবে ১২টি। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ১৮ জন ক্রিকেটার। নারী ও পুরুষদের জন্য আলাদা কোনো প্রতিযোগিতা থাকবে না। একই স্কোরবোর্ডে যোগ হবে সবার রান, শিরোপাও জিতবে একটি দল।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচল্যান্ডফুংকের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং জুটিতেও থাকবেন একজন নারী ও একজন পুরুষ ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলিত কাঠামো বজায় রেখেই আয়োজন করা হবে লিগটি। তবে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে খেলার নিয়ম, ক্রিকেটারদের নিরাপত্তা ও বদলি খেলোয়াড় ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা থাকবে।

নতুন এই উদ্যোগ নিয়ে আশাবাদী ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী জহির। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্রিকেটের মানুষকে একত্র করার ক্ষমতা রয়েছে।’

বিশেষ করে ইউরোপের মতো উদীয়মান বাজারে আরও বেশি মানুষের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের সাবেক এই পেসার। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকেও খেলাটির প্রসারের বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। নারী ও পুরুষ ক্রিকেটারদের সরাসরি একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিই এই লিগের বিশেষত্ব বলে মনে করেন জহির।

জার্মান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সেভেরিন ভাইসও এই উদ্যোগ নিয়ে আশাবাদী। জার্মানিতে ইতোমধ্যে নারী ও পুরুষ ক্রিকেটারদের উল্লেখযোগ্য একটি কমিউনিটি গড়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। নতুন প্রতিযোগিতার মাধ্যমে তাদের একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চায় ফেডারেশন।

২০২৭ সালের আগস্টে প্রথম আসর আয়োজনের পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট সূচি, অংশগ্রহণকারী ক্রিকেটারদের নাম ও খেলার বিস্তারিত বিধিমালা এখনো প্রকাশ করেননি আয়োজকেরা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট