সেঞ্চুরির পর র্যাঙ্কিংয়ে বড় লাফ কোহলির

ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার আরও কাছে চলে এসেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের এই তারকা। শীর্ষে থাকা শুভমান গিলের সঙ্গে তার ব্যবধান এখন মাত্র ২০ রেটিং পয়েন্ট।
তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রান করেন কোহলি। ৮৮ বলের ইনিংসটিতে ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি পেরিয়ে যান ১৫ হাজার রানের মাইলফলকও। তার ইনিংসে ভর করে ২৯৬ রানের লক্ষ্য ৫০ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভারত।
এই ইনিংসের পুরস্কারই পেয়েছেন আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে। আগের ৭৬৭ থেকে কোহলির রেটিং বেড়ে হয়েছে ৭৯৬। ড্যারিল মিচেলকে পেছনে ফেলে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ২০২২ সালের জুলাইয়ের পর এটিই কোহলির সর্বোচ্চ রেটিং।
একই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গিলও। ভারতের অধিনায়ক ১১০ রান করায় তাঁর রেটিং ৮০১ থেকে বেড়ে হয়েছে ৮১৬। ম্যাচের আগে কোহলির সঙ্গে তাঁর ব্যবধান ছিল ৩৪ পয়েন্ট, নতুন হালনাগাদে সেটি নেমে এসেছে ২০-এ।
শীর্ষস্থান অবশ্য কোহলির জন্য নতুন কিছু নয়। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সব মিলিয়ে ১ হাজার ৫৪৭ দিন এক নম্বরে ছিলেন তিনি। ইতিহাসে তার চেয়ে বেশি সময় শীর্ষে ছিলেন কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা।
সর্বশেষ হালনাগাদে অন্যদের মধ্যেও বড় অগ্রগতি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ১৯৮ রান করা কুশল মেন্ডিস ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন। ইংল্যান্ডের বেন ডাকেট চার ধাপ এগিয়ে ১৫ নম্বরে এবং দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে ১৯ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পর ভারতের কুলদীপ যাদব চার ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে।
