logo

হোবার্টে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

হোবার্টে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: এএফপি

প্রথম ম্যাচে বড় হারে শুরু হয়েছিল সিরিজ। এরপর ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়। এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরির পর সনি বেকারের বোলিং তোপে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে হ্যারি ব্রুকের দল। হোবার্টে ৯৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে ইংলিশরা।

বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা ডাকেট। সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন।

Advertisement

ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। শুরু থেকেই অস্ট্রেলিয়ান পেসারদের ওপর চড়াও হন তাঁরা। বিশেষ করে ব্যান্টনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে আসে ৭৪ রান।

তবে ব্যক্তিগত ৪৪ রানে জ্যাক এডওয়ার্ডসের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যান্টন। ৩৫ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি।

ব্যান্টন ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স করেন ১২ রান। ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো জফরা আর্চারও ৭ রানের বেশি করতে পারেননি। ৩৩তম ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫ রান।

তবে এক প্রান্তে অবিচল ছিলেন ডাকেট। ইনিংসের শুরুতে দুবার জীবন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি। স্পেন্সার জনসন তাঁর ফিরতি ক্যাচ নিতে পারেননি। পরে মাহলি বেয়ার্ডম্যানের বলে ডাকেটের আরেকটি ক্যাচ ছাড়েন অ্যালেক্স ক্যারি।

এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ইংলিশ ওপেনার। অস্ট্রেলিয়ার পেসারদের পাশাপাশি স্পিনারদেরও সামলেছেন দারুণভাবে। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক।

সেঞ্চুরির পরও আক্রমণ চালিয়ে যান ডাকেট। শেষ পর্যন্ত ৩৯তম ওভারের শেষ বলে ম্যাট রেনশর বলে উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করেন ডাকেট।

তার বিদায়ের পর ইংল্যান্ডকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেন উইল জ্যাকস। শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ বুঝে বড় শট খেলেছেন তিনি। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন জ্যাকস। স্যাম কারান করেন ১৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন এডওয়ার্ডস। ৫ ওভার ৩ বলে মাত্র ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রেনশ ১০ ওভারে ৫১ রান খরচায় নেন ৩ উইকেট।

তবে বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ বলেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।

প্রথম ওভারের চতুর্থ বলে ট্রাভিস হেডকে ফেরান গাস অ্যাটকিনসন। মাত্র ৪ রান করে জো রুটের হাতে ক্যাচ দেন হেড। পরের ওভারে আঘাত হানেন সনি বেকার। তার বলে অধিনায়ক ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। ১ রান করে ফেরেন তিনি। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ৫ রানে ২ উইকেট।

এরপর জশ ইংলিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও বিপদে ফেলেন বেকার। ১৮ বলে ১৪ রান করে উইকেটরক্ষক কক্সের হাতে ক্যাচ দেন ইংলিস। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ ওভারের মধ্যে ৩ উইকেটে ৩৪ রান।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন রেনশ ও অ্যালেক্স ক্যারি। চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে কিছুটা আশা দেখান তারা। তবে এই জুটির সময় রেনশকে দুবার জীবন দেয় ইংল্যান্ড। প্রথমে ৬ রানে বেকার এবং পরে ৫৪ রানে তার ক্যাচ ছাড়েন ব্রুক।

সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন রেনশ। তবে ৫৫ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন লিয়াম ডসন। নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে ফেরান ইংলিশ স্পিনার।

এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন ৩৭ রান করা ক্যারি। ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের বিপদ আরও বাড়ে গ্রিন চোট পাওয়ায়। অ্যাটকিনসনের একটি বাউন্সার তার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত করে। ঠোঁট থেকে রক্ত বের হওয়ার পর ৩ রানে ব্যাটিং ছেড়ে মাঠ ছাড়তে হয় এই অলরাউন্ডারকে। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে নামানো হয় অলিভার পিককে।

তবে বদলি নামা পিকও দলকে উদ্ধার করতে পারেননি। কুপার কনোলি ২৯ রান করে ডসনের বলে বোল্ড হওয়ার পর পিকও বেকারের শিকার হন। মাত্র ৫ রান করেন তিনি।

এরপর বেকারের বলে ১৬ রান করা জেভিয়ার বার্টলেট আউট হন। অন্য প্রান্তে জ্যাক এডওয়ার্ডস কিছুটা প্রতিরোধ গড়লেও বড় হারের হাত থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেননি। ৩১ রান করে ডসনের বলে অ্যাটকিনসনের হাতে ক্যাচ দেন তিনি।

তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯ ওভার ২ বলে ৯ উইকেটে ২০৩ রান। শেষদিকে স্পেন্সার জনসন ও মাহলি বেয়ার্ডম্যান কিছুটা প্রতিরোধ গড়ে আরও ২৮ রান যোগ করেন।

তবে ৪৭তম ওভারে জনসনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ নেন ডাকেট। ১৫ রান করে ফেরেন জনসন। বেয়ার্ডম্যান অপরাজিত থাকেন ১৩ রানে।

ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন বেকার।ডসন ১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন। অ্যাটকিনসন ও ব্রুক একটি করে উইকেট পান।

এই জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয়ের পর ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা।

তবে আগের দুই সিরিজের সঙ্গে এবারের পার্থক্য, প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও টানা দুই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এমনভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের নজির এর আগে ছিল না ইংলিশদের।

পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ব্যান্টনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ১৩৫ রানে জয় পায় তারা। এবার হোবার্টেও জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিল ব্রুকের দল।

এই জয়ে আরও দুটি উল্লেখযোগ্য কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছে তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের অভিজ্ঞতা আগে হয়নি অস্ট্রেলিয়ার।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট