logo

সাঈদ আনোয়ারের পর রাহুল, চার ‘সেনা’ দেশে সেঞ্চুরির বিরল রেকর্ড

সাঈদ আনোয়ারের পর রাহুল, চার ‘সেনা’ দেশে সেঞ্চুরির বিরল রেকর্ড
সাইদ আনোয়ার-লোকেশ রাহুল। ছবি: কোলাজ

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের কঠিনতম চার কন্ডিশনেই সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়লেন লোকেশ রাহুল। এর আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা এই অর্জন করলেও ভারতের কোনো ওপেনার পারেননি। ওয়েলিংটনে সেঞ্চুরি করে সেই অপেক্ষা ঘুচিয়েছেন রাহুল। শুধু ভারত নয়, পাকিস্তানের কিংবদন্তি সাঈদ আনোয়ারের পর দ্বিতীয় এশীয় ওপেনার হিসেবেও অনন্য এই রেকর্ড গড়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন রাহুল। আগের দিন ৫২ রানে অপরাজিত থাকা ভারতীয় ওপেনার এদিন ২০৭ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতে এটিই তার প্রথম শতক।

Advertisement

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একসঙ্গে বলা হয় ‘সেনা’ (SENA) দেশ। চার দেশের ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে তৈরি হয়েছে এই সংক্ষিপ্ত রূপ। পেস, বাউন্স, সুইং ও সিম মুভমেন্টের কারণে এসব দেশে ব্যাটিং করা উপমহাদেশের ক্রিকেটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ।

রাহুলের আগে ভারতের চার ব্যাটার এই চার দেশে টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। পঞ্চম ভারতীয় হিসেবে তাদের পাশে জায়গা করে নিলেন রাহুল। তবে আগের চারজনের কেউই ওপেনার হিসেবে চার দেশে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারেননি।

এশিয়ার ক্রিকেট ইতিহাসেও এমন অর্জন বিরল। রাহুলের আগে ওপেনার হিসেবে চার সেনা দেশেই সেঞ্চুরি করেছিলেন শুধু পাকিস্তানের সাঈদ আনোয়ার। অর্থাৎ পাকিস্তানি কিংবদন্তির পর দ্বিতীয় এশীয় ওপেনার হিসেবে এই রেকর্ড গড়লেন ৩৪ বছর বয়সী রাহুল।

বিদেশের মাটিতে রাহুলের সেঞ্চুরির যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। ২০১৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে টেস্ট অভিষেক হলেও প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ৩ ও ১ রান। তবে পরের টেস্টেই ঘুরে দাঁড়ান। ২০১৫ সালের জানুয়ারিতে সিডনিতে প্রথমবার ওপেনিংয়ে নেমে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। সেটিই ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি।

এরপর ২০১৮ সালে ইংল্যান্ডের ওভালে ১৪৯ রান করেন রাহুল। ২০২১ সালে লর্ডসে খেলেন ১২৯ রানের ইনিংস। চার বছর পর ২০২৫ সালের ইংল্যান্ড সফরে হেডিংলিতে ১৩৭ ও লর্ডসে আরও ১০০ রান করেন ভারতীয় ওপেনার।

দক্ষিণ আফ্রিকায় প্রথম সেঞ্চুরি আসে ২০২১ সালের ডিসেম্বরে। সেঞ্চুরিয়নে ওপেনিংয়ে নেমে ২৬০ বলে ১২৩ রান করেছিলেন রাহুল। সেই ম্যাচে ভারত জয়ও পেয়েছিল। একই মাঠে ২০২৩ সালে আরও একটি সেঞ্চুরি করলেও সেবার মিডল অর্ডারে ব্যাট করে ১০১ রান করেছিলেন তিনি।

চার দেশের মধ্যে বাকি ছিল শুধু নিউজিল্যান্ড। অবশেষে দেশটির মাটিতে নিজের প্রথম টেস্টেই সেই অপূর্ণতা ঘুচিয়েছেন রাহুল। ওয়েলিংটনে জ্যাকব ডাফির বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে চার সেনা দেশের প্রতিটিতে ওপেনার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি সম্পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ওপেনারও হয়েছেন রাহুল। এর আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ানের। একই সঙ্গে দেশটিতে নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। এর আগে ১৯৭৬ সালে অকল্যান্ডে এই কীর্তি গড়েছিলেন গাভাস্কার ও সুরিন্দর অমরনাথ।

টেস্টে ওপেনার হিসেবে এটি রাহুলের দ্বাদশ সেঞ্চুরি। তাতে মুরালি বিজয়ের সমান ১২টি শতক নিয়ে ভারতীয় ওপেনারদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাদের ওপরে রয়েছেন শুধু সুনীল গাভাস্কার (৩৩) ও বীরেন্দর শেবাগ (২২)।

চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দারুণ ছন্দে রয়েছেন রাহুল। এখন পর্যন্ত ২১ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। ওয়েলিংটনের ইনিংসে অধিনায়ক শুভমান গিলকে ছাড়িয়ে চলতি চক্রে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন এই ওপেনার।

অবশ্য ওয়েলিংটনে সেঞ্চুরি করেই থামেননি রাহুল। দেবদূত পাডিক্কালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২৯০ বলে ৯ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন রাহুল।

তার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় লিডও পেয়েছে ভারত। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। পাডিক্কাল ৮০ ও শুভমান গিল ৯৮ রান করেছেন। ৫৫ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্ত। ফলে ১১৮ রানের লিড নিয়ে চতুর্থ দিনে মাঠে নামবে ভারত।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট