logo

পাকিস্তানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ছবি: এসিসি

ব্যাটিং বিপর্যয়ের মাঝে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন শাহাদাত হোসেন দীপু। বল হাতে শুরুটাও দারুণ করেছিলেন রিপন মণ্ডল। তবে শেষ পর্যন্ত তাদের লড়াই যথেষ্ট হলো না। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

Advertisement

ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রানেই দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। দুজনকেই ফেরান পাকিস্তানি পেসার আলী রাজা। সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন দীপু।

অঙ্কন ৪২ রান করে ফিরতেই আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান কোনো রান না করেই বিদায় নিলে ১১৮ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান দীপু। মেহেরবের সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও দলীয় ১৭০ রানে সাত উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ দিকে রিপনের সঙ্গে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন দীপু।

৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার। রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রান করে। পাকিস্তানের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিম।

২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে শুরুতেই জোড়া ধাক্কা দেন রিপন। নিজের একই ওভারে মাজ সাদাকাত ও শামিল হোসেনকে ফিরিয়ে দেন এই পেসার। মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সেখান থেকে তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন হাসান নওয়াজ ও শাহজাইব খান। ৯১ বলে ৬২ রান করা নওয়াজকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ রুবেল। এরপর ৮৫ বলে ৫০ রান করা শাহজাইবকে বিদায় করেন রাকিবুল হাসান।

১৫০ রানে চার উইকেট হারানো পাকিস্তানকে আরও চাপে ফেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ কাজে লাগাতে দেননি আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। মাত্র ৫৬ বলে ৭৪ রানের জুটি গড়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন দুজন।

চারটি ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করে সামাদ ফিরলেও ৪৬ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের জয় নিশ্চিত করেন ফারহান। ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রিপন ও রাকিবুল। একটি উইকেট পান রুবেল।

গত আসরের ফাইনালে সুপার ওভারে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালেই একই প্রতিপক্ষের কাছে থামল টাইগারদের শিরোপার স্বপ্ন। আগামী রোববার (২৯ নভেম্বর) ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট