সতীর্থদের ব্যর্থতার মাঝে পাকিস্তানের বিপক্ষে দীপুর দুর্দান্ত সেঞ্চুরি

এক প্রান্তে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত সতীর্থরা। অন্য প্রান্তে দাঁড়িয়ে একাই লড়াই করে গেলেন শাহাদাত হোসেন দীপু। রাইজিং স্টার্স এশিয়া কাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের বোলারদের বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই বিপর্যয় সামলে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। সাতটি চার ও তিনটি ছক্কায় ১১৮ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন দীপু।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে ফেরান পাকিস্তানি পেসার আলী রাজা। সাইফ করেন ২ রান, জয়ের ব্যাট থেকে আসে ৯ রান।
সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন দীপু। তৃতীয় উইকেটে দুজনের ৯৫ রানের জুটি ভাঙেন পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম। ৭৮ বলে ৪২ রান করে ফেরেন অঙ্কন।
এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান কোনো রান না করেই বিদায় নিলে ১১৮ রানেই পাঁচ উইকেট হারায় দল। দুজনকেই ফেরান মুকিম।
তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন দীপু। ষষ্ঠ উইকেটে এসএম মেহেরবের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। মেহেরব ২৮ রান করে ফেরার পর একই রানে বিদায় নেন মোহাম্মদ রুবেলও।
এরপর রাকিবুল হাসান ও রিপন মণ্ডলকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ দুইশ ছাড়িয়ে নিয়ে যান দীপু। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালকে ছক্কা হাঁকিয়ে ১১৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। পরের বলে এক রান নিয়ে ইনিংস শেষ করেন এই ব্যাটার। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রিপন।
পাকিস্তানের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মুকিম। দুটি করে উইকেট পেয়েছেন আলী রাজা ও হাসান নওয়াজ।
ফাইনালে জায়গা করে নিতে পাকিস্তানকে করতে হবে ২৩৩ রান। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।



