logo

৩১৭ রান করেও সেমিফাইনালে ভারতের বিদায়, ফাইনালে শ্রীলঙ্কা

৩১৭ রান করেও সেমিফাইনালে ভারতের বিদায়, ফাইনালে শ্রীলঙ্কা
ছবি: এসিসি

বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ও তিলক ভার্মাদের নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ছিল ভারত ‘এ’ দল। সেমিফাইনালেও ব্যাট হাতে তিনশ পেরিয়েছিল তারা। অথচ সেই রানও যথেষ্ট হলো না জয়ের জন্য। দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে ভারত। জবাবে ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

Advertisement

আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা বৈভব এদিন ২৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। তবে ব্যাট হাতে ছন্দ ধরে রেখেছিলেন অভিষেক। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করেন এই ওপেনার। অধিনায়ক তিলকের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান।

একপর্যায়ে ২ উইকেটে ১৯৭ রান ছিল ভারতের। সেখান থেকে মাত্র ৩৮ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সপ্তম উইকেটে শাহবাজ আহমেদ ও তানুশ কোটিয়ানের ৭৩ রানের জুটিতে তিনশ পেরোয় তাদের সংগ্রহ। চারটি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৪ রান করেন শাহবাজ।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন জানিথ লিয়ানাগে, নিপুন ধনঞ্জয়া ও রবিন্দু ফার্নান্ডো।

৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার সিনেথ জয়াবর্ধনে ও লাসিথ ক্রুসপুল্লে। মাত্র ১২৯ বলেই উদ্বোধনী জুটিতে আসে ১৭৪ রান। ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করা জয়াবর্ধনে ৭০ বলে ১০৫ রান করে শাহবাজের শিকার হন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা।

জয়াবর্ধনে ফিরলেও থামেনি শ্রীলঙ্কার রানের চাকা। নিশান মাদুশকার সঙ্গে আরও ৯১ রানের জুটি গড়েন ক্রুসপুল্লে। ১২টি চার ও তিনটি ছক্কায় ১০৭ বলে ১১৬ রান করে হর্ষিত রানার বলে বিদায় নেন তিনি।

বাকি কাজটুকু নির্বিঘ্নেই সম্পন্ন করেন মাদুশকা ও অধিনায়ক পাভান রত্নায়েকে। মাদুশকা ৫৬ বলে ৫৮ এবং রত্নায়েকে ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৪১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১৮ রান করে শ্রীলঙ্কা। ম্যাচসেরা হন জয়াবর্ধনে।

এবার শ্রীলঙ্কার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল থেকে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। জিতলেই শিরোপার লড়াইয়ে লঙ্কানদের পাবে বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট