logo

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তিরাও

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তিরাও
বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে এমন সব কীর্তি গড়ছেন তিনি, যা অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটারের কাছেও স্বপ্নের মতো। এবার তার ব্যাটিংয়ের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা ছাপিয়ে এই কিশোরের প্রশংসায় পঞ্চমুখ জাভেদ মিয়াঁদাদ, বাসিত আলী ও কামরান আকমলের মতো সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন বৈভব। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ ও ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনটি বিশ্বরেকর্ড গড়েন তিনি। সাতটি চার ও ২৮টি ছক্কায় সাজানো ইনিংসে শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৯৬ রান।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। কিংবদন্তি এই ব্যাটারের মতে, পেস কিংবা স্পিনের বিপক্ষে বৈভবের কোনো ভয় নেই। বাউন্সি উইকেটেও খেলার সামর্থ্য রয়েছে তার। বল মারার দক্ষতার পাশাপাশি শট খেলার জন্য পর্যাপ্ত সময় পাওয়াটাই এই কিশোরের ব্যাটিংয়ের বিশেষত্ব।

পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলীর মতে, শুধু চার-ছক্কা মারাই বৈভবের লক্ষ্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন এই তরুণ। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে করা ভুলগুলো আমিরাতের বিপক্ষে শুধরে নেওয়ায় বৈভবের প্রশংসা করেছেন তিনি।

ইউটিউবের ‘দ্য গেমপ্ল্যান’ অনুষ্ঠানে বৈভবের বয়স নিয়ে বিতর্ক বন্ধ করার আহ্বানও জানিয়েছেন বাসিত। এক ইনিংসে ২৮টি ছক্কা নিয়ে রসিকতা করে বলেন, ‘বারবার ছক্কার সংকেত দিতে গিয়ে আম্পায়ারদের হয়তো হাত মালিশ করাতে হবে।’

বৈভবের ব্যাটিংয়ের পাশাপাশি তার মানসিক পরিপক্বতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি উইকেটকিপার কামরান আকমল। তার মতে, অনেক ক্রিকেটার ২৫ কিংবা ৩০ বছর বয়সে যা অর্জন করেন, বৈভব মাত্র ১৫ বছর বয়সেই সেই সাফল্যের দেখা পেয়েছেন। এত অল্প বয়সে প্রতিভাবান ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ দেওয়ায় ভারতের ক্রিকেট কাঠামোরও প্রশংসা করেছেন আকমল।

সাবেক পাকিস্তানি পেসার তানভীর আহমেদও জানিয়েছেন, ক্রিকেটে এমন ব্যাটিং আগে কখনো দেখেননি তিনি। তবে বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই সাবেক পেসার। যদিও তার সন্দেহের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারও বৈভবকে নিয়ে আশাবাদী। সনি স্পোর্টসে আকাশ চোপড়ার সঙ্গে আলোচনায় তিনি জানান, বৈভবের বয়সে তারা যেসব সেঞ্চুরির স্বপ্ন দেখতেন, এই কিশোর সেগুলো মাঠেই করে দেখাচ্ছেন। তার বিশ্বাস, শুধু টি-টোয়েন্টি নয়, ভবিষ্যতে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও অসংখ্য সেঞ্চুরির দেখা পাবেন বিহারের এই ব্যাটার।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট