ইমরানের নাম সরানোর ঘোষণার দিনেই পেশোয়ারে পিএসএল

একই দিনে পেশোয়ারের ক্রিকেটপ্রেমীদের জন্য এলো দুটি বড় খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে শহরটি। শুধু ম্যাচই নয়, আগামী আসরের উদ্বোধনী অনুষ্ঠানও হবে সেখানে। তবে যে স্টেডিয়ামে বসবে পিএসএলের উদ্বোধনী আসর, সেটি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম।
সোমবার (২৩ নভেম্বর) পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের আগের নাম আরবাব নিয়াজ স্টেডিয়াম ফিরিয়ে আনার ঘোষণা দেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি। নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে প্রাদেশিক ক্রীড়া বিভাগকে নির্দেশও দিয়েছেন তিনি।
এর কয়েক ঘণ্টা পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানান, পেশোয়ারেই অনুষ্ঠিত হবে পিএসএলের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ।
১৯৮৪ সালে নির্মিত স্টেডিয়ামটি প্রথমে শাহী বাগ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ১৯৮৭ সালে পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরবাব নিয়াজ মুহাম্মদের নামে এর নামকরণ করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার স্টেডিয়ামটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। একই বছরের ৬ এপ্রিল সেখানে ইমরান খানের নামে নতুন নামফলকও বসানো হয়।
তবে শুরু থেকেই নাম পরিবর্তনের বিরোধিতা করে আসছিলেন আরবাব নিয়াজের পরিবারের সদস্যরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমরান খান নিজেও একপর্যায়ে স্টেডিয়ামটির আগের নাম ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
নাম পরিবর্তনের বিতর্ক একপর্যায়ে পেশোয়ার হাইকোর্ট পর্যন্ত গড়ায়। চলতি বছরের মার্চে এ নিয়ে প্রাদেশিক সরকারের কাছে প্রতিবেদনও চেয়েছিলেন আদালত।
আগের নাম ফিরিয়ে আনার পক্ষে গভর্নর কুন্দির যুক্তি, প্রদেশের ক্রীড়াঙ্গনে আরবাব নিয়াজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পেশোয়ারের ইতিহাস ও ক্রীড়া ঐতিহ্যের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে পিটিআইয়ের প্রাদেশিক শাখা এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, পিটিআই সরকারের আমলেই স্টেডিয়ামটি নতুন করে নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামের নাম পরিবর্তন করে পাকিস্তানের ক্রিকেটে ইমরান খানের অবদান মুছে ফেলা সম্ভব নয় বলেও জানিয়েছে দলটি।
নাম পরিবর্তনের বিতর্কের মধ্যেই অবশ্য পেশোয়ারের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২০১৬ সালে পিএসএলের যাত্রা শুরু হলেও প্রথম ১১ আসরের একটিতেও ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি শহরটি।
চলতি বছরের আসরে অবশ্য পেশোয়ারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। গত ২৮ মার্চ সেখানে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি সংকট ও ব্যয় সংকোচনের সিদ্ধান্তে লাহোর ও করাচির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় পুরো প্রতিযোগিতা।
এবার আরেক ধাপ এগিয়ে পিএসএলের দ্বাদশ আসরের ষষ্ঠ ভেন্যু হিসেবে পেশোয়ারকে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। একই সঙ্গে শহরটিকে দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ আয়োজনের দায়িত্ব।
সোমবার গভর্নর কুন্দির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান নাকভি। পাকিস্তানের ক্রিকেটে খাইবার পাখতুনখাওয়ার অবদানের কথা তুলে ধরে প্রদেশটির তরুণ ক্রিকেটারদের জন্য আরও সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
শুধু পিএসএলই নয়, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে পেশোয়ারে পাকিস্তানের তিনটি দলের অংশগ্রহণে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন নাকভি। সপ্তাহব্যাপী সেই প্রতিযোগিতায় অংশ নেবে পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান শাহিনস ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এই সিরিজ ও পিএসএল আয়োজনের পর পেশোয়ারে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনাও রয়েছে পিসিবির।
নিরাপত্তাজনিত কারণে দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে পেশোয়ারের এই স্টেডিয়াম। সর্বশেষ ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি এখানে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলেছিল পাকিস্তান। সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ রানে জিতেছিল স্বাগতিকরা।
এদিকে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের দ্বাদশ আসর। ৪৬ দিনব্যাপী আট দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বের ৪০টি ও প্লে-অফের চারটিসহ মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। তবে প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি পিসিবি।
এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে নামবে পেশোয়ার জালমি। চলতি বছরের ৩ মে হায়দরাবাদ কিংসমেনকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো পিএসএলের শিরোপা জিতেছিল বাবর আজমের দল।




