logo

স্যান্ডপেপার বিতর্কের অবসানে খাজার নতুন প্রস্তাব

স্যান্ডপেপার বিতর্কের অবসানে খাজার নতুন প্রস্তাব
উসমান খাজা। ছবি: গেটি ইমেজ

আট বছর পেরিয়ে গেলেও বল টেম্পারিং কেলেঙ্কারির ক্ষত শুকায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটে। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে সামনে এসেছে ২০১৮ সালের সেই বিতর্ক। এবার এর অবসান ঘটাতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) বিশেষ প্রস্তাব দিয়েছেন সাবেক এই টেস্ট ওপেনার। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নয়, বল টেম্পারিংয়ের দায় স্বীকার করুক পুরো দল, এমনটাই চান খাজা।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে খাজা জানিয়েছেন, গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছিলেন তিনি। সেখানে পুরো দলের পক্ষ থেকে একটি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

Advertisement

পডকাস্টে নিজের পাঠানো সেই বার্তাও পড়ে শুনিয়েছেন খাজা। প্রস্তাবিত বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় কৃত্রিম উপায়ে বলের অবস্থা পরিবর্তন করে আমরা যে বল টেম্পারিং করছিলাম, দল হিসেবে তা জানতাম বলে স্বীকার করছি। সেটা স্যান্ডপেপার দিয়ে হোক কিংবা অন্য কোনো উপায়ে, তা এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা জানতাম কী করছিলাম। দল ও স্কোয়াড হিসেবে নিজেদের কর্মকাণ্ডের পুরো দায় নিচ্ছি, যা আট বছর আগেই নেওয়া উচিত ছিল।’

স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাবও দিয়েছেন খাজা। তার মতে, দলের স্বার্থে এই তিন ক্রিকেটারকে চড়া মূল্য দিতে হয়েছে। এ জন্য তাদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানানোর কথাও উল্লেখ করেছেন প্রস্তাবিত বিবৃতিতে।

তবে খাজার দাবি, তার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রিনবার্গ। সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে কথা বলে তাকে জানানোর আশ্বাস দিয়েছেন সিএ প্রধান নির্বাহী।

এদিকে গত ১৩ নভেম্বর সিডনিতে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। খাজার অভিযোগও উড়িয়ে দেন তিনি। সেই সংবাদ সম্মেলনে কামিন্সের বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন খাজা।

সাবেক এই ওপেনার বলেন, ‘ব্যক্তি ও নেতা হিসেবে প্যাট কামিন্সকে আমি সবসময় ভালোবেসেছি। কখনোই ভাবিনি, সে এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে। প্যাটের এমন রূপ আগে কখনো দেখিনি। এটাই আমাকে সত্যিই হতাশ করেছে।’

তবে কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরানোর কোনো উদ্দেশ্য তার নেই বলেও স্পষ্ট করেছেন খাজা। তিনি বলেন, ‘আমি সবসময় চেয়েছি প্যাট অধিনায়ক থাকুক। এই বিষয়টি কখনোই প্যাটকে নিয়ে কিংবা তার অধিনায়কত্ব হারানো নিয়ে ছিল না।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

খাজার দাবি, ওই সফরে বল টেম্পারিংয়ের বিষয়টি পুরো দলই জানত। তার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ওয়ার্নার ও ব্যানক্রফটও। যদিও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট