logo

স্যান্ডপেপার বিতর্কে ফক্সের ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

স্যান্ডপেপার বিতর্কে ফক্সের ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা
খাজা-ওয়ার্নারকে ধারাভাষ্য থেকে বাদ দিয়েছে ফক্স। ছবি: ফক্স ক্রিকেট

আট বছরের পুরোনো স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে মুখ খুলে এবার ধারাভাষ্যের দায়িত্ব হারালেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে চলমান বিতর্কের মধ্যে দুই সাবেক ওপেনারকে সাময়িকভাবে সম্প্রচার কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছে ফক্স ক্রিকেট। আগামী কয়েক সপ্তাহ তাদের ধারাভাষ্যে দেখা যাবে না। তবে ঠিক কবে তারা ফিরবেন, সেটি নিশ্চিত করেনি সম্প্রচার প্রতিষ্ঠানটি।

শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি। তিনি জানিয়েছেন, স্যান্ডপেপার বিতর্কে দুই ক্রিকেটারের ওপর তৈরি হওয়া চাপ বিবেচনা করেই তাদের সাময়িক বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ক্রলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহ আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে উসমান ও ডেভিকে বিশ্রাম দেওয়া হবে।’

তবে দুই ক্রিকেটারের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ফক্সের এই কর্মকর্তা। তার মতে, ধারাভাষ্য দলের সদস্যদের ভিন্নমতকে স্বাগত জানায় প্রতিষ্ঠানটি। কিন্তু চলমান বিতর্কের প্রতিটি নতুন মন্তব্য ও অভিযোগের জবাব দেওয়ার চাপ ক্রমেই বাড়ছে ওয়ার্নার ও খাজার ওপর।

ক্রলির ভাষায়, এমন পরিস্থিতিতে ম্যাচের দিকে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে দুই ধারাভাষ্যকারের জন্য। তাই তাদের এই অবস্থায় সম্প্রচার কার্যক্রমে রাখা ন্যায্য হবে না বলে মনে করছে ফক্স। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।

ফক্সের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ২০১৮ সালের বল বিকৃতি কেলেঙ্কারি।

গত ১০ নভেম্বর প্রকাশিত আত্মজীবনী 'সবর'-এ উসমান খাজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই জানতেন না। দলের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

খাজার এই বক্তব্যকে সমর্থন জানান ওয়ার্নারও। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারের দাবি, স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে পুরো সত্য সামনে আসেনি। তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে দুই সাবেক সতীর্থের অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গত ১৩ নভেম্বর সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনার বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না। পুরো দল এই পরিকল্পনার কথা জানত, এমন অভিযোগকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

কামিন্সের সেই সংবাদ সম্মেলনের পরই নতুন করে মুখ খোলেন ক্যামেরন ব্যানক্রফট। গত বুধবার (১৮ নভেম্বর) দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রকাশিত দীর্ঘ লেখায় তিনিও দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের অন্য সদস্যরাও বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি সম্পর্কে জানতেন।

ব্যানক্রফটের অভিযোগের পর আরও চাপে পড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসন। বিশেষ করে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। সাবেক ক্রিকেটারদের একাংশ তার পদত্যাগের দাবি তুললেও সেই দাবি প্রত্যাখ্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শনিবারই এক আনুষ্ঠানিক বিবৃতিতে কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন জানিয়েছেন, বর্তমান অধিনায়কের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন ধারণা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

এর আগে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পুরোনো ঘটনার নতুন করে আনুষ্ঠানিক তদন্ত কিংবা কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই বোর্ডের।

২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার পান এক বছরের নিষেধাজ্ঞা।

আট বছর পর সেই ঘটনা নিয়ে নতুন অভিযোগ ওঠায় আবারও অস্বস্তিতে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। এবার বিতর্কের প্রভাব পড়ল টেলিভিশন সম্প্রচারেও।

শনিবার মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ চলাকালীন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে ওয়ার্নার ও খাজার উপস্থিত থাকার সম্ভাবনা কম।

তবে দুই সাবেক ক্রিকেটারকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। ফক্স স্পোর্টস জানিয়েছে, তাদের ওপর তৈরি হওয়া চাপ কমানো এবং সম্প্রচারের মান বজায় রাখতেই আপাতত এই সিদ্ধান্ত। বিতর্কের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট