logo

অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আইপিএল ছাড়লেন স্টার্কও

অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আইপিএল ছাড়লেন স্টার্কও
মিচেল স্টার্ক। ছবি: গেটি ইমেজ

ট্রাভিস হেডের পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার আরেক তারকা মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আগামী মৌসুমে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁহাতি পেসার। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। ফলে আইপিএল ২০২৭-এর নিলামের আগে অস্ট্রেলিয়ান তারকাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দিনে দুই তারকার সরে দাঁড়ানোর ঘটনায় বড় ধাক্কা খেল দিল্লি ও সানরাইজার্স হায়দরাবাদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী বছর অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টগুলোতে পুরোপুরি মনোযোগ দিতে চান স্টার্ক। এজন্য আইপিএলের মতো দীর্ঘ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ওপর বাড়তি চাপ তৈরি করতে চান না ৩৬ বছর বয়সী এই পেসার।

Advertisement

একই দিনে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি আগামী মৌসুমের জন্য ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। দিল্লির প্রকাশিত তালিকাতেও নেই স্টার্কের নাম। তার সঙ্গে নীতীশ রানা, অভিষেক পোরেল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট ও করুণ নায়ারের মতো ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে দলটি।

স্টার্কের বিদায় দিল্লির বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ডেথ ওভারে তার অভিজ্ঞতা ছিল ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম বড় শক্তি। ২০২৫ সালের মেগা নিলামে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি।

তবে স্টার্ককে হারানোর বিনিময়ে নিলামের জন্য বড় অঙ্কের অর্থ হাতে পাচ্ছে দিল্লি। তাকে ছেড়ে দেওয়ায় নিলামের তহবিলে ফিরেছে ১১ কোটি ৭৫ লাখ রুপি। অন্য ক্রিকেটারদের অব্যাহতি ও দলবদলের হিসাব মিলিয়ে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য নিলামে ৩৯ কোটি ৫০ লাখ রুপি খরচ করার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামে দিল্লির নয়টি জায়গা পূরণের সুযোগ রয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে চারজন। ফলে স্টার্কের বিকল্প হিসেবে অভিজ্ঞ কোনো বিদেশি পেসারকে দলে নেওয়ার সুযোগ থাকছে তাদের।

স্টার্কের সিদ্ধান্তের মূল কারণ অস্ট্রেলিয়ার ঠাসা আন্তর্জাতিক সূচি। ২০২৭ সালের শুরুতেই ভারতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে অস্ট্রেলিয়া। এরপর মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচ।

জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও রয়েছে অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে জায়গা পেলে আইপিএল শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই আবার গুরুত্বপূর্ণ টেস্ট খেলতে নামতে হবে তাদের।

এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ফলে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নিজের ফিটনেস ধরে রাখতে চাইছেন স্টার্ক।

অবশ্য আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া স্টার্কের জন্য নতুন কিছু নয়। এর আগে দীর্ঘ নয় বছর আইপিএল থেকে দূরে ছিলেন তিনি। ২০১৫ সালের পর আবার টুর্নামেন্টে ফেরেন ২০২৪ সালে।

সেবার রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে তখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্টার্ক।

তবে কলকাতায় তার শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম কয়েকটি ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু নকআউট পর্বে এসে নিজের সেরা রূপে হাজির হন অস্ট্রেলিয়ান এই পেসার।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করে কলকাতাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচেও হায়দরাবাদের ব্যাটিংয়ের শুরুতেই আঘাত হানেন তিনি।

ফাইনালে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তার দাপটে ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। আট উইকেটের জয়ে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে স্টার্কের হাতে।

এরপর ২০২৫ সালের মেগা নিলামে কলকাতা তাকে ধরে না রাখলে দিল্লিতে যোগ দেন তিনি। নতুন দলের হয়ে প্রথম মৌসুমে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন।

২০২৬ সালের আইপিএলে অবশ্য শুরু থেকেই স্টার্ককে পায়নি দিল্লি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাজের চাপ নিয়ন্ত্রণের পরিকল্পনার কারণে প্রতিযোগিতার প্রথম ভাগে অনুপস্থিত ছিলেন তিনি। পরে দলের সঙ্গে যোগ দিয়ে ছয় ম্যাচে ১১ উইকেট নেন।

সব মিলিয়ে আইপিএলে ৫৮ ম্যাচে ৭৬ উইকেট রয়েছে স্টার্কের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। তার সেরা বোলিং ৩৫ রানে ৫ উইকেট।

এদিকে স্টার্কের আগেই আগামী আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সানরাইজার্স হায়দরাবাদকে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন এই বিধ্বংসী ওপেনার।

হেডকে ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রেখেছিল হায়দরাবাদ। এবার তাকে ছেড়ে দেওয়ায় সেই অর্থ নিলামের তহবিলে ফিরে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট