আইপিএল থেকে সরে দাঁড়ালেন ট্রাভিস হেড

আইপিএলে প্রতিপক্ষ বোলারদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে বদলে গিয়েছিল পাওয়ারপ্লেতে রান তোলার হিসাব। কিন্তু আগামী আসরে আর দেখা যাবে না সেই জুটি। অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে নিজের ওপর চাপ কমাতে আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হেড। ফলে বড় ধাক্কা খেয়েছে হায়দরাবাদের ব্যাটিং পরিকল্পনা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী মৌসুমে না খেলার সিদ্ধান্ত ইতোমধ্যে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন হেড। অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের আগে শারীরিক ও মানসিক চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তবে তার অব্যাহতির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি আইপিএল কর্তৃপক্ষ।
হেডের এই সিদ্ধান্ত হায়দরাবাদের জন্য বড় ধাক্কা। গত তিন মৌসুমে দলটির আক্রমণাত্মক ব্যাটিংয়ের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি। বিশেষ করে অভিষেক শর্মার সঙ্গে তার ওপেনিং জুটি প্রতিপক্ষের বোলারদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন।
আইপিএলে এই জুটি পরিচিতি পেয়েছে ‘ট্রাভিশেক’ নামে। হেড ও অভিষেকের নাম মিলিয়ে তৈরি হওয়া এই জুটি শুধু হায়দরাবাদের নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম বিধ্বংসী ওপেনিং জুটি।
দুজন মিলে ৪২ ইনিংসে করেছেন ১ হাজার ৮৯২ রান। তাঁদের জুটির গড় ৪৬.১৪। রয়েছে ছয়টি শতরান ও নয়টি অর্ধশত রানের জুটি। হায়দরাবাদের ইতিহাসে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করা জুটি এটি।
তবে রানসংখ্যার চেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের রান তোলার গতি। অন্তত এক হাজার রান করা ওপেনিং জুটিগুলোর মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত রান তোলার রেকর্ড হেড ও অভিষেকের। প্রতি ওভারে গড়ে ১২.২৭ রান তুলেছেন দুজন। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন মানদণ্ড তৈরি করেছিলেন তাঁরা।
২০২৪ সালের নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ। এর আগের বছর নিলামে দল পাননি অস্ট্রেলিয়ান এই ব্যাটার। তবে ২০২৩ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দলে নিতে আগ্রহী ছিল হায়দরাবাদ।
দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি তখন জানিয়েছিলেন, একজন বাঁহাতি ওপেনার পাওয়ার ব্যাপারে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। হেডকে দলে নেওয়ার পর সেই সিদ্ধান্তের সুফলও পায় ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথম মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন হেড। ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করে হায়দরাবাদকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় দলটি।
সেই পারফরম্যান্সের পর ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে হেডকে ধরে রাখে হায়দরাবাদ। পরের দুই মৌসুমেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন তিনি।
হায়দরাবাদের হয়ে সব মিলিয়ে ৪৩ ম্যাচে ১ হাজার ৩৫১ রান করেছেন হেড। তার ব্যাটিং গড় ৩২.৯৫, স্ট্রাইক রেট ১৭৬.১৪। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও ১০ ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার।
তবে এমন পারফরম্যান্সের পরও আগামী মৌসুমে তাকে পাচ্ছে না হায়দরাবাদ। এর পেছনে মূল কারণ অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচি।
২০২৬ সালের আগস্ট থেকে প্রায় ১২ মাসের মধ্যে ২০টি টেস্ট খেলার সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। এর পাশাপাশি আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে দলটির। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলবে তারা। বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
এত গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের আগে আইপিএলের দীর্ঘ প্রতিযোগিতায় অংশ নিলে হেডের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। সেই বিষয়টি বিবেচনা করেই আগামী আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবশ্য এমন সিদ্ধান্তের ইঙ্গিত আগেই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। গত আগস্টে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। তাই আইপিএলে অংশগ্রহণের বিষয়ে কয়েকজন ক্রিকেটারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
বিশেষ করে হেডের মানসিক ক্লান্তির বিষয়টি নিয়েও কথা বলেছিলেন ম্যাকডোনাল্ড। দীর্ঘ সময় আন্তর্জাতিক সফরে থাকার পর আইপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি কতটা প্রস্তুত থাকবেন, সেটি বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়া কোচ।
ম্যাকডোনাল্ড অবশ্য আইপিএলের গুরুত্ব অস্বীকার করেননি। বরং ক্রিকেটারদের উন্নতিতে প্রতিযোগিতাটির ভূমিকার প্রশংসা করেছিলেন। তবে তার মতে, জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে কাজের চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
এমন পরিস্থিতিতে হেডের সিদ্ধান্ত হায়দরাবাদকে ব্যাটিংয়ে বিপদে ফেললেও নিলামের আগে আর্থিকভাবে সুবিধা এনে দেবে।
২০২৫ সালের মেগা নিলামের আগে হেডকে ১৪ কোটি রুপিতে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল কর্তৃপক্ষ তার অব্যাহতি অনুমোদন করলে এই পুরো অর্থ হায়দরাবাদের নিলামের তহবিলে যোগ হবে।
এ ক্ষেত্রে আইপিএলের পুরোনো রিটেনশন নিয়ম অনুযায়ী বাড়তি কোনো অর্থ কাটা হবে না। কারণ, হেড বাদ পড়ার পর হায়দরাবাদের বাকি চারজন ধরে রাখা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মিলিত পারিশ্রমিক ৬১ কোটি রুপি। এই চারজন হলেন হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি) ও নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি)।
চারজন আন্তর্জাতিক ক্রিকেটার ধরে রাখার জন্য ২০২৫ সালের মেগা নিলামে নির্ধারিত অর্থও ছিল ৬১ কোটি রুপি। ফলে হেডকে ছেড়ে দিলে ওই হিসাবে হায়দরাবাদকে নতুন করে কোনো সমন্বয় করতে হবে না।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৭-এর নিলাম। এর আগে দল পুনর্গঠনের কাজও শুরু করেছে হায়দরাবাদ।
ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস থেকে বাঁহাতি পেসার টি নটরাজনকে ফিরিয়েছে তারা। এই দলবদলে হায়দরাবাদ থেকে দিল্লিতে গেছেন লেগ স্পিনার জিশান আনসারি।
এ ছাড়া চেন্নাই সুপার কিংসের সঙ্গে ক্রিকেটার বিনিময় করে খলিল আহমেদ ও নাথান এলিসকে দলে নিয়েছে হায়দরাবাদ। বিনিময়ে চেন্নাইয়ে গেছেন লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস।
পাশাপাশি পেসার হার্শাল প্যাটেলকে ৪ কোটি রুপিতে গুজরাট টাইটানসের কাছে পাঠানোর বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত করেছে হায়দরাবাদ। তবে সেই দলবদল এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি।
বোলিং আক্রমণে পরিবর্তন আনলেও হেডের বিদায়ে এবার ব্যাটিং নিয়েও নতুন করে ভাবতে হবে হায়দরাবাদকে। বিশেষ করে অভিষেক শর্মার নতুন ওপেনিং সঙ্গী কে হবেন, সেটিই এখন ফ্র্যাঞ্চাইজিটির সামনে বড় প্রশ্ন।




